বরিশাল, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল আধুনিক নৌ-বন্দর এলাকায় প্রচারপত্র বিলির সময় উগ্র মৌলবাদী সংগঠন হিযবুত তাওহীদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
এদের মধ্যে মো. রফিকুল ইসলাম (৩৭) একজন রিকশাচালক। বাড়ি বাকেরগঞ্জ উপজেলার সতরাজ গ্রামে। আর মো. নাসিম (১৬) এক ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করেন। তার বাড়ি উজিরপুর উপজেলার কমলাপুর গ্রামে।
কোতয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে নৌ-বন্দর এলাকায় যাত্রীদের মধ্যে প্রচারপত্র বিলির সময় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে।
‘মহাসত্যের আহ্বান’, ‘জিহাদ’, ‘কেতনা’ ও ‘সন্ত্রাস’ নামে কয়েকটি বইও উদ্ধার করা হয় তাদের কাছ থেকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল পুলিশকে বলেছেন, আল্লাহর আইন কায়েম করতে তারা প্রচার চালাচ্ছেন। বরিশাল নগরীতে তাদের অন্তত ৪০ জন সদস্য এভাবে প্রচারের দায়িত্বে রয়েছেন।
ওসি শাহিদুজ্জামান বলেন, “এরা নিষিদ্ধ সংগঠন নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪০ ঘ.
bdnews24