স্বপ্নতাড়নায় ছবিওয়ালা হুমায়ূন
হুমায়ূন আহমেদের মধ্যে যিনি চলচ্চিত্র নির্মাণের ‘স্বপ্ন’ বুনে দিয়েছিলেন সেই মানুষটিকে ফ্রেমে আবদ্ধ করে রেখে যেতে ভোলেননি এ নন্দিত কথাসাহিত্যিক।
প্রায় দুই দশক আগে ‘ছবি বানানোর গল্প’ নামে এক লেখায় সেই স্বপ্ন দেখানো গল্পের কথা হুমায়ূন বলে গেছেন পাঠককে।
“মানুষের মৃত্যু হয়, কিন্তু তাদের স্বপ্ন মরে না। আনিস ভাই মারা গেলেন, তার স্বপ্ন কিন্তু বেঁচে রইল। কোন এক অদ্ভুত উপায়ে সেই স্বপ্ন ঢুকে গেল আমার মধ্যে।”
এই ‘আনিস ভাই’ হলেন আনিস সাবেত, বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থার শেষ দিকে এসে হুমায়ূন আহমেদের পরিচয় হয়েছিল তার।
পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র আনিস সাবেতই তাকে প্রথম শুনিয়েছিলেন চলচ্চিত্রে কীভাবে জোছনা তৈরি হয়, সত্যজিৎ রায় কীভাবে জোনাকির আলো পর্দায় নিয়ে এসেছেন।
“এক জোছনা রাতে রাস্তায় হাঁটছি। তিনি হঠাৎ বললেন, ফিল্মে জোছনা কীভাবে তৈরি করা হয় জান? আমি মাথা নাড়লাম- জানি না। জানার কোনো প্রয়োজন কখনো মনে করিনি। জোছনার বক্তৃতা শেষ হওয়ার পর শুরু হল জোনাকির বক্তৃতা।”
ধরা ছোঁয়ার বাইরের আলো আঁধারের রহস্যময় জগতের প্রতি সেসময় সামন্যতম আকর্ষণ অনুভব না করলেও গুণী এই কথাশিল্পী, নাট্যকারের হাতে ধরা দিয়েছিল অধরা ওই স্বপ্নের জগতও। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘আগুনের পরশমণি’ দিয়ে এর শুরু। এরপর একে একে হুমায়ূন আহমেদের হাতে নির্মিত হয়েছে আটটি চলচ্চিত্র। এসব চলচ্চিত্রে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, এসেছে সমাজ, সময় ও জীবনের সরল গল্প। ভালোবাসার সরল কথনে ভরা তার ছবি দেখে মানুষ প্রাণ খুলে হেসেছে, বুক ভাসিয়ে কেঁদেছে।
১৯৯৪ সালের ডিসেম্বরে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত ওই লেখায় জোছনা রাতে হেঁটে বেড়ানোর গল্প বলতে বলতে হুমায়ূন নিজের ছবি বানানোর গল্পও বলেছেন।
পদার্থ বিজ্ঞানের তুখোর ছাত্র আনিস সাবেত তাকে জোছনা আর জোনাকির দৃশ্য তৈরির পাশাপাশি সেদিন শুনিয়েছিলেন স্ট্যানলি কুবরিক ও সত্যজিত রায়ের চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠার কথাও। বিশ্ববিদ্যালয় পড়–য়া সেই স্বপ্ন বিলাসী মানুষটির ছবি বানানোর ইচ্ছার পুরো বিষয়টি তখন ছেলেমানুষি বলেই মনে হয়েছিল রসায়ন শাস্ত্রের ছাত্র হুমায়ূনের কাছে, যে স্বপ্নের সঙ্গে তাকেও যুক্ত করতে চেয়েছিলেন আনিস সাবেত।
বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকানোর পর দুই জনের যোগাযোগে খানিকটা ভাটা পড়ে। তারপর একদিন ময়মনসিংহে দেখা হয় তাদের। আনিস সাবেত তার সঙ্গে দেখা করতে যান একটি চিত্রনাট্য নিয়ে।
হুমায়ূন আহমেদ লিখেছেন, “সেটি ছিল আহমেদ ছফার লেখা ‘ওঙ্কার’ উপন্যাসের চিত্রনাট্য। চিত্রনাট্য পড়তে দীর্ঘদিন লাগলো। এক সময় পড়া শেষ হলো। আমাকে স্বীকার করতে হলো, অসাধারণ কাজ হয়েছে। তিনি ঢাকা যাবার প্রস্তুতি নিলেন। ট্রেন রাত দশটায়, সন্ধ্যা থেকেই আনিস ভাই মনমরা। কী একটা কথা বলতে গিয়েও বললেন না। শুধু বললেন, খুব জরুরি কথা আছে। ট্রেন ছাড়ার আগে বলবো। আনিস ভাই ট্রেন ছাড়ার আগে আগে জানালা দিয়ে মুখ বের করে বললেন, হুমায়ূন, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। কানাডায় যাচ্ছি ইমিগ্রেশন নিয়ে। তোমার সঙ্গে আর দেখা হবে না। আমি অবাক হয়ে বল্লাম, কেন যাচ্ছেন? আনিস ভাই সেই কেনর জবাব দিলেন না।”
অভিমানী হুমায়ূন আহমেদ সেদিনের উত্তর না পাওয়ার কারণে কোনরকম যোগাযোগ আর রাখলেন না। পিএইচডি করতে আমেরিকা গিয়েও পাশের দেশ কানাডায় যাননি তিনি।
হুমায়ূনের ভাষায় “আমার অভিমান ভালোবাসার মতোই তীব্র।”
প্রায় দশ বছর পর হুমায়ূনের শহীদুল্লাহ হলের বাসায় এসে উপস্থিত হন আনিস। সেখানেই জানতে পারেন ‘শর্ট ফিল্ম’ বানিয়ে হাত পাকানোর পাশাপাশি ছবি বানানোর টাকাও হয়েছে সত্যজিত আর কুবরিক স্ট্যানলি অন্তঃপ্রাণ মানুষটির। এক সপ্তাহ দেশে কাটিয়ে আবারো কানাডা ফিরে যান তিনি।
এর পরের গল্প বেদনার। পরবর্তীতে যার সঙ্গে মিলে যাবে হুমায়ূন আহমেদের শেষ সময়গুলো।
“এক গভীর রাতে টেলিফোনের শব্দে জেগে উঠে রিসিভার হাতে নিতেই আনিস ভাইয়ের গলা শুনলাম। হঠাৎ আমাকে হতভম্ব করে দিয়ে বললেন, হুমায়ূন, আমার ক্যান্সার হয়েছে, থ্রোট ক্যান্সার। আমি মারা যাচ্ছি। মাঝে মাঝে তোমাকে টেলিফোন করে বিরক্ত করবো, তুমি কিছু মনে করো না। মৃত্যুর আগে প্রিয় কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করে।”
প্রায়ই দুজনের মধ্যে কথা হতো। ক্যান্সারের কারণে স্বর নষ্ট হয়ে গেলেও আনিস সাবেত কষ্ট করেই অনবরত কথা বলতেন ততোদিনে একইসঙ্গে শিক্ষক ও লেখক হিসেবে প্রতিষ্ঠিত হুমায়ূনের সঙ্গে। শোনাতেন তার স্বপ্নের গল্প।
ক্যান্সারের সঙ্গে প্রায় নয় মাস যুদ্ধ করে গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান হুমায়ূন আহমেদ। তবে, তার প্রিয় আনিস ভাইয়ের সঙ্গে এই কথকতায় যে স্বপ্নের বীজ রোপিত হয়েছিল তা ব্যর্থ হয়নি।
“মানুষের মৃত্যু হয়, কিন্তু তাদের স্বপ্ন মরে না। আনিস ভাই মারা গেলেন, তার স্বপ্ন কিন্তু বেঁচে রইল। কোন এক অদ্ভুত উপায়ে সেই স্বপ্ন ঢুকে গেল আমার মধ্যে। এক ভোরবেলায় আমি আমার স্ত্রীকে ডেকে বললাম, গুলতেকিন, আমি একটা ছবি বানাবো। ছবির নাম ‘আগুনের পরশমণি’।”
সরকারি অনুদানে হুমায়ূন আহমেদ নির্মিত ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৫ সালে। ৯৯ সালে ‘শ্রাবণ মেঘের দিন’। ২০০০ সালে ‘দুই দুয়ারী’, ২০০৩ সালে ‘চন্দ্রকথা’, ২০০৫ সালে ‘শ্যামল ছায়া’, এরপর ‘নয় নম্বর বিপদ সংকেত’, ২০০৮ সালে ‘আমার আছে জল’। আর মুক্তির অপেক্ষায় আছে ‘ঘেটুপুত্র কমলা’।
