ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোকচিত্রী, চিত্রগ্রাহক ও সাংবাদিক আশফাক মুনীরের (মিশুক মুনীর) জীবন ও কর্ম নিয়ে ১০ দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজনা করা হয়েছে ধানমণ্ডির ঢাকা আর্ট সেন্টারে।
রোববার বিকালে ‘মিশুকের চোখে মিশুককে দেখা’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী ও তার ছেলে নাঈম সেবাস্টিয়ান মুনীরের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মিশুকের তোলা স্থিরচিত্র এবং যেসব চলচ্চিত্রে তিনি চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন সেগুলোর পাশাপাশি তার জীবনের নানা স্মৃতিচিহ্ন এই প্রদর্শনীতে স্থান পাবে।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য খোলা থাকবে। ৩১ জুলাই সমাপনীতে থাকবে মিশুক মুনীর স্মরণানুষ্ঠান।
গত বছরের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হন বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন।
চিত্রশিল্পী সুলতানকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ এ চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীর।
এরপর তিনি চাক্কি (১৯৮৪), ঢাকা টোকাই (১৯৮৫), কৃষ্ণনগরে একদিন (১৯৯৩), ঢাকা রিকশা (১৯৮৫), সোনারগাঁর কথা (১৯৯৮), ওয়ার ক্রাইমস ফাইল (১৯৯৫), মুক্তির কথা (১৯৯৯), কানসাটের পথে (২০০৮), নরসুন্দর (২০০৯) ও রানওয়ে (২০১০) ছবিতেও চিত্রগ্রাহক হিসাবে কাজ করেন।
‘অন্য চোখে বাংলাদেশ’ নামে আরেকটি প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ শুরু করলেও মিশুক মুনীর তা শেষ করে যেতে পারেননি। তারেক মাসুদের নতুন ছবি ‘কাগজের ফুল’ এর জন্য মানিকগঞ্জে লোকেশন দেখে ফেরার পথেই ওই দুর্ঘটনা ঘটে।
দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেন মিশুক মুনীর। একুশে টেলিভিশন চালু হওয়ার সময় হেড অব অপারেশন্স হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
এরপর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, চ্যানেল ফোর ও সিবিসি টেলিভিশনে ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করেন। ২০১০ সালে দেশে ফিরে এটিএন নিউজের সিইওর দায়িত্ব নেন।
জাতীয় জাদুঘরের অডিওভিজ্যুয়াল শাখার জন্যও তিনি কাজ করেন।
কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন মিশুক মুনীর। ২০১২ সালে তাকে সাংবাদিকতায় অবদানের জন্য মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/এইচএ/১১১০ ঘ.
bdnews24