সুলাইমান নিলয়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবছরের শেষদিকে যখন হুমায়ূন আহমেদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানা গেল, তখন থেকেই শঙ্কায় ছিলেন প্রকাশকরা। ভাল খবরের অপেক্ষায় তারা তাকিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের দিকে। তাদের সেই প্রতীক্ষা শেষ হয়েছে শোক আর হতাশায়।
ঊনিশশ নব্বইয়ের দশকজুড়ে হুমায়ূনের সবচেয়ে বেশি বই প্রকাশ করা সময় পাবলিকেশন্সের স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো দেশবাসী তার সুস্থ হওয়ার খবরের প্রতিক্ষায় ছিলো। কিন্তু তিনি ফিরলেন না। যা ঘটলো এটা আমাদের ধারণাতেও ছিল না।”
“কোনো লেখক পাঠকের যতোটা কাছাকাছি পৌঁছাতে পারেন, তার মৃত্যুতে পাঠক ততোটাই বেশি ব্যাথিত হয়। আর পাঠকদের কাছাকাছি যাওয়ার সংগ্রামে লেখকদের পাশে থেকে লড়াই করেন প্রকাশকরা। তারা আবার ওই লেখকের পাঠকও। তাই তাদের দুইভাবেই কষ্ট পেতে হয়”, বলেন ফরিদ।
মাওলা ব্রাদার্সের প্রকাশক আহমেদ মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হুমায়ূন আহমেদের উত্থান ছিল বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে একটি বড় ঘটনা। এতো বড় একজন লেখক এতো তাড়াতাড়ি চলে যাবেন, সেটা আমরা ভাবিনি। ভাল একটি খবরের জন্য অপেক্ষার পর আমরা একটি দুঃসংবাদ পেয়েছি।
এই প্রকাশকের দৃষ্টিতে সব কিছু ছাড়িয়ে লেখক হুমায়ূন ছিলেন ‘প্রচণ্ড মাত্রায়’ দেশপ্রেমিক।
“তিনি দেশপ্রেমের লেখা লিখতেন না, দেশপ্রেমের কারণে লিখতেন। লেখক হিসাবে আত্মপ্রকাশের মাধ্যমেই তিনি মানুষের সঙ্গে পরিচিত হন। পরে নাটক চলচ্চিত্র নির্মাণে আসেন।”
হুমায়ূনের প্রায় ৩৫টি বই প্রকাশ করা কাকলী প্রকাশনীর একে নাসির আহমেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতার আগে এদেশে প্রকাশনা শিল্প বলতে সুগঠিত কিছু ছিল না। এখনকার প্রকাশনা শিল্পের প্রায পুরোটাই গড়ে উঠেছে স্বাধীনতার পরে।
“আর এই নির্মাণযাত্রার কারিগরদের অগ্রভাগে ছিলেন হুমায়ূন আহমেদ। তার মৃত্যুতে এদেশের প্রকাশনা শিল্প অনেক বড় হোঁচট খেল।”
“ তার একটি বই প্রকাশ করলে সেই লাভের টাকা দিয়ে আমরা আরো ১০টি বই প্রকাশের ঝুঁকি নিতে পারতাম। কারণ বাকিগুলোতে লাভের নিশ্চয়তা থাকতো না”, ব্যাখ্যা করেন নাসির।
যারা কখনো হুমায়ূনের বই প্রকাশের সুযোগ পাননি, তারাও এই মৃত্যুতে শোকাহত।
‘আগামী প্রকাশনীর’ স্বত্ত্বাধিকারী ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক সময় বাংলাদেশ ছিল পশ্চিমবঙ্গের সুনীল গঙ্গোপাধ্যায়-শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইয়ের দখলে। তাদের ‘পাইরেটেড’ বই এখানে ছাপানো হতো। পাঠ-প্রকাশনা সবই চলতো পশ্চিমবঙ্গের লেখকদের ঘিরে।
“কিন্তু অসাধারণ লেখার মধ্য দিয়ে হুমায়ূন এ দেশের পাঠকদের হৃদয়ে পৌঁছে যান। তার অটোগ্রাফ পাওয়ার আশায়ই লাখ লাখ লোক বইমেলায় আসত। তখন তারাতো অন্য বইও কিনত।”
ক্যান্সারের সঙ্গে নয় মাস লড়াইয়ের পর গত বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান একুশে পদকজয়ী হুমায়ূন আহমেদ। তার বয়স হয়েছিল ৬৪ বছর।
হুমায়ূনের মৃত্যুকে বইমেলায় পাঠক-দর্শনার্থী কমে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন ওসমান গণি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/০৯১২ ঘ.
bdnews24