চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে নেওয়ার পথে চট্টগ্রামে হাতকড়াসহ দুই আসামি পালিয়ে গেছে।
শনিবার বিকালে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে তারা পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলেন- নাছির উদ্দিন (২৫) ও শফিউল করিম (২৩)।
বাকলিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকতানিয়া থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ওই এলাকায় ট্রাফিক জ্যামের কারণে তাদের গাড়িটি আটকা পড়ে। এ সময় সুযোগ বুঝে ওই দুই আসামি পালিয়ে যায়।
গাড়িটিতে মোট সাত জন আসামি ছিল। তাদেরকে ৫৪ ধারায় সাতকানিয়া থানা পুলিশ গ্রেপ্তার করা হয়েছিল।
এ ঘটনায় বাকলিয়া থানায় সাতকানিয়া থানার কনস্টেবল দিলীপ কুমার দাশ বাদী হয়ে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৫৮ ঘ.
bdnews24