জুলাই ১৯, ঢাকা (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে বের হয়ে নিজের ছেলের হত্যাকারীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিচারপ্রার্থী এক নারী।
রাজধানীর মাদারটেকের আব্দুল আজিজ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আহম্মদ আলী হত্যা মামলায়র বাদী মা নার্গিস আক্তার শনিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এসে এ অভিযোগ করেন।
তিনি বলেন, “গত বছরের ২৮ জুলাই সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পাওয়ার পর আসামি সায়েদ আলী, গুলজার হোসেন ও বাদল হোসেন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
এ বিষয়ে একটি জিডি হয়েছে, যা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন বলে জানান ওই নারী।
নার্গিস জানান, গত ২৭ মে মামলার ধার্য তারিখেও আদালত পাড়া থেকে বাড়ি যাওয়ার সময় আদালতের পেছনের রাস্তায় সায়েদ আলী ও তার লোকজন তাকে ধাওয়া করে।
মামলার নথি থেকে জানা গেছে, বাড়ির দখল সংক্রান্ত বিরোধের জের ধরে গত বছরের ১১ মে তার বাড়ির ভাড়াটে ও আত্মীয় সায়েদ আলী ও তার ছেলে সাজ্জাদ হোসেন পিপলু লোকজন নিয়ে আহম্মদ আলীকে (১৫) খুন করে। পরদিন নিহতের মা নার্গিস আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় সাত জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
প্রায় এক বছর পর গত ১৭ এপ্রিল মামলাটিতে এজাহারে বর্ণিত সাত আসামি মো. সায়েদ আলী (৫৫), শাহাদাৎ হোসেন বাবু (৩৫), সাজ্জাদ হোসেন পিপলু (২৬), মো. গোলজার হোসেন (৫০), মো. রমিজ উদ্দিন ওরফে রফিজ উদ্দিন (৩৮), মো. মিলন মিয়া (৫৫) ও বাদল হোসেনকে (৪০) আসামির তালিকায় রেখে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বাদীর আইনজীবী মো. গোলাম মোস্তফা খানও হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার বাদীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হত্যা মামলার আসামিদের মধ্যে সায়েদ ও মিলন বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন নিয়েছে। এছাড়া আরেক আসামি রমিজ ওরফে রফিজর পলাতক রয়েছেন।
এরই মধ্যে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য দিন রেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এএল/২১৩৭ ঘ.
bdnews24