চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তিন হাজার সাতশ’ জাল মার্কিন ডলারসহ এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে নগরীর আগ্রাবাদ এলাকার বিসিক ব্যাংকের সামনে থেকে মো. নাছির উদ্দিন হাওলাদার (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নাছির পটুয়াখালীর কেশবপুর কলেজ রোড এলাকার আলম হাওলাদারের ছেলে।
চট্টগ্রাম নগরীর কুসুমবাগ দেবেরপাড় এলাকায় নাছির বাস করেন বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বিসিক ব্যাংকের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নাছিরকে গ্রেপ্তার করা হয়।
“তার কাছ থেকে তিন হাজার সাতশ’ জাল ডলার উদ্ধার করা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/২১০৪ ঘ.
bdnews24