২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশুক মুনীরের জীবন-কর্ম নিয়ে প্রদর্শনী

আলোকচিত্রী, চিত্রগ্রাহক ও সাংবাদিক আশফাক মিশুক মুনীরের জীবন ও কর্ম নিয়ে ঢাকায় দশ দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজনা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 03:11 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোকচিত্রী, চিত্রগ্রাহক ও সাংবাদিক আশফাক মিশুক মুনীরের জীবন ও কর্ম নিয়ে ঢাকায় দশ দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজনা করা হয়েছে। অধ্যাপক আনিসুজ্জামান রোববার বিকালে ধানম-ির ঢাকা আর্ট সেন্টারে ‘মিশুকের চোখে মিশুককে দেখা’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী ও তার ছেলে নাঈম সেবাস্টিয়ান মুনীর এই প্রদর্শনীর আয়োজক বলে শনিবার তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। এতে বলা হয়, প্রদর্শনীতে মিশুকের তোলা স্থিরচিত্র ও যেসব চলচ্চিত্রে তিনি চিত্রগ্রাহক হিসাবে কাজ করেছেন সেগুলোর পাশাপাশি তার জীবন ও কর্মের নানা স্মৃতিচিহ্ন স্থান পাবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ৩১ জুলাই স্মরণ করা হবে মিশুককে। গত বছরের ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীর ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন। চিত্রশিল্পী সুলতানকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ এ চিত্রগ্রাহক হিসেবে যাত্রা শুরু করেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীর। এরপর তিনি চাক্কি (১৯৮৪), ঢাকা টোকাই (১৯৮৫), কৃষ্ণনগরে একদিন (১৯৯৩), ঢাকা রিকশা (১৯৮৫), সোনারগাঁর কথা (১৯৯৮), ওয়ার ক্রাইমস ফাইল (১৯৯৫), মুক্তির কথা (১৯৯৯), কানসাটের পথে (২০০৮), নরসুন্দর (২০০৯) ও রানওয়ে (২০১০) ছবিতে চিত্রগ্রাহক হিসাবে কাজ করেন। প্রামাণ্যচিত্র ‘অন্য চোখে বাংলাদেশ’র কাজ শুরু করলেও তা শেষ করে যেতে পারেননি মিশুক মুনীর। তারেক মাসুদের নতুন ছবি ‘কাগজের ফুল’ এর জন্য মানিকগঞ্জে লোকেশন দেখে ঢাকা ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মিশুক মুনীর দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। একুশে টেলিভিশন চালু হওয়ার সময় হেড অব অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, চ্যানেল ফোর ও সিবিসি টেলিভিশনের ক্যামেরা অপারেটর হিসেবে কাজ করেন। ২০১০ সালে দেশে ফিরে এটিএন নিউজের সিইওর দায়িত্ব নেন। জাতীয় জাদুঘরের অডিওভিজ্যুয়াল শাখায়ও কাজ করেন তিনি। কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার লাভের পাশাপাশি ২০১২ সালে সাংবাদিকতার জন্য মরণোত্তর একুশে পদকে ভূষিত হন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/এইচএ/২১০৭ ঘ.