ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য না বাড়ানোর দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম।
তিনি বলেন, গত মার্চে বিদ্যুতের পাইকারি দাম সাত দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়। এরপর আবারো দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর করতে বলা হয়।
“মার্চে দাম বাড়ানোর সময় যুক্তি দেখানো হয় গ্রীষ্ম মৌসুমে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ৬০ শতাংশ প্লান্ট ফ্যাক্টরে চালানো হবে। সেজন্য গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত জ্বালানি তেলের চাহিদা ধরা হয়েছিলো নয় দশমিক ছয় লাখ টন। কিন্তু বিপিসি বরাদ্দ দেয় চার দশমিক ৬৮ লাখ টন। তাছাড়া বিদ্যুতের সরবরাহ ব্যয় নিয়ন্ত্রণের জন্য তেলের স্বল্প ব্যবহার করা হয়। তাই ৬০ শতাংশে ফ্যাক্টরে বিদ্যুৎ কেন্দ্র না চালানোয় লোড-শেডিং কমেনি। অথচ দাম বাড়ানো হয়েছিলো।”
পিডিবি গত ৬ জুন প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৫০শতাংশ বাড়ানোর জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) প্রস্তাব দেয়। গত ১৬ জুলাই এ বিষয়ে গণশুনানি হয়েছে। শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমিশন।
পাইকারি দামের পাশাপাশি গত ২৫ জুন বিদ্যুতের খুচরা দাম ৫৭ শতাংশ বাড়ানোরও প্রস্তাব রয়েছে।
এছাড়া অন্য চারটি বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) গড়ে ৫৫ শতাংশের বেশি দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।
সভায় ক্যাবের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রর চুক্তি নবায়ন না করা, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত তেল শুল্ক, মূসক ও করমুক্ত ঘোষণা দেওয়া, বিদ্যুৎ উন্নয়ন তহবিলের বিকল্প অর্থ সংস্থানের জন্য একটি কমিটি করা।
সভায় ক্যাবের সভাপতি কাজী ফারুক ও প্রোগ্রাম কো-অডিনেটর আহম্মদ একরামুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/২০৪৬ ঘ.
bdnews24