২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৮

টাঙ্গাইলের গোড়াই চেকপোস্ট থেকে শনিবার ভোরে ডাকাত সন্দেহে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 02:09 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

টাঙ্গাইল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের গোড়াই চেকপোস্ট থেকে শনিবার ভোরে ডাকাত সন্দেহে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, একটি মিনি ট্রাক নিয়ে এই আটজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাত বলে সন্দেহ করা হয়। পরে গোড়াই চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তালা ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি, র‌্যাঞ্চ, স্ক্রু, পাইপ ইত্যাদি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, মির্জাপুর থানায় জিঞ্জাসাবাদে তারা মির্জাপুর বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছে। এছাড়া ইতোপূর্বে মির্জাপুরের কুরনি গ্রামের প্রবাসীর বাড়িতে ডাকাতির সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে পুলিশকে জানান। গ্রেপ্তাররা হলেন পটুয়াখালির কলাপাড়া উপজেলার ইট বাড়িয়া গ্রামের জাকির হোসেন (২৪), মরিচ বুনিয়া গ্রামের আব্দুর রহিম (৩৭), গলাচিপার বাসবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেন (৩০), ঢাকার আশুলিয়ার নবীনগর গ্রামের বাবুল ওরফে বাবলু মিয়া (৩০), শরীয়তপুরের পালংয়ের চরকুয়াপুর গ্রামের কামাল হোসেন (৩৮), গোসাইরহাটের সামসুসা গ্রামের আকতার হোসেন (২৮), ভোলার বোরহান উদ্দিনের হাসন নগর গ্রামের আব্দুল হালিম (৩৬), এবং কুমিল্লার মুরাদনগরের শুশুনাক গ্রামের সাইজুদ্দিন (২৪)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৯ ঘ.