২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র‏হ্মপুত্রে ট্রলারডুবি: ১ লাশ উদ্ধার, নিখোঁজ ১৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র‏হ্মপুত্র নদে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের পর ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 06:25 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ময়মনসিংহ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র‏হ্মপুত্র নদে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষের পর ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার ভাংনামারি বাজারের কাছে এ দুর্ঘটনার পর একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত আবুল কাশেম (৫৫) ভাংনামারি চর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিরাপত্তা রক্ষী ছিলেন। কোতোয়ালি থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার ভাবখালি নৌকা ঘাট থেকে একটি ট্রলার প্রায় ৬০ জন যাত্রী নিয়ে গৌরীপুর উপজেলার ভাংনামারি বাজারে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে যাত্রীবাহী ট্রলারটি ভাংনামারি বাজারে কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওসি জানান, এতে যাত্রীবাহী নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। কিছুক্ষণ পরেই আবুল কাশেমের লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন তার লাশ সনাক্ত করেন। এখনো ১৫ যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান ওসি। ট্রলারের যাত্রী জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নৌকাডুবির পর সাঁতরিয়ে অনেকেই তীরে উঠতে পেরেছেন। তবে আরো প্রায় ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাস্থলের কাছে বেশ কিছু শিশু ও মহিলাদের জুতা ভেসে উঠেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও অন্ধকারের কারণে ঠিকমতো তল্লাশি অভিযান চালাতে পারছে না বলে জানায় স্থানীয়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০০০ ঘ.