ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক নারী কর্মী বোমা বিস্ফোরণে আহত হয়েছেন। পুলিশ বলছে, বোমাটি তার হাতব্যাগের ভেতরে ছিল।
শেরে বাংলা থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়েশা সিদ্দিকা নামের ওই নারী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সহকারী প্রোগ্রামার হিসাবে কাজ করেন। তাকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সামনে দিয়ে নিজের কার্যালয়ে যাওয়ার সময় রাস্তায় আয়েশার হাতব্যাগে থাকা বোমাটি বিস্ফোরিত হয়।
“বোমাটি তার ব্যাগে কীভাবে এলো তা তদন্ত করে দেখতে হবে।”
ঘটনার প্রতক্ষদর্শী ফুটপাতের চা বিক্রেতা মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনি। তাকিয়ে দেখি, এক মহিলা পিকেএসএফ ভবনের সামনে থেকে দৌঁড়ে এসে পড়ে গেল।”
বিস্ফোরণের ফলে আয়েশা সিদ্দিকার কোমরের কাছে দেহের পেছনের অংশে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে বলে মালেক জানান।
তিনি বলেন, “ওই মহিলা শুধু বলছিল- আমাকে বাঁচান, আমাকে বাঁচান।”
গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ধারণা, এটি পাইপ বোমা। ঘটনাস্থলে একটি পোড়া পাইপ, মোবাইলের টুকরা যন্ত্রাংশ ও কাগজপত্র পাওয়া গেছে।”
ওসি জাকির হোসেন বলেন, “আয়েশা আহত অবস্থায় চিকিৎসাধীন। তার সঙ্গে এ মুহূর্তে কথা বলা যাচ্ছে না। এ কারণে বিস্তারিত কিছ জানা সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/জেকে/১৫১০ ঘ.
bdnews24