ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে বুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণার পর এবার মাঠে নেমেছেন উপাচার্য ও উপ-উপাচার্যপন্থীরাও।
শনিবার বিকেলে তারা ‘বুয়েটের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে সমাবেশ করেন।
সমাবেশে ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, “শিক্ষকরা যে ১৬টি দাবিতে আন্দোলন করছেন তার বেশিরভাগই সমাধান করা হয়েছে। আর এসব দাবির ১০টি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থবিরোধী।”
আন্দোলনরতদের সঙ্গে সব কর্মকর্তা-কর্মচারীরা থাকার দাবিও নাকচ করেন এই শিক্ষক।
তিনি দাবি করেন, “আন্দোলনকারী বেশিরভাগ শিক্ষক জামায়াতপন্থী। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ আন্দোলন পরিচালনা করছেন।”
সমাবেশে বক্তারা আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসার এবং উপাচার্যের আবেদন অনুযায়ী বিচার বিভাগীয় তদন্তের সুযোগ করে দেওয়ার দাবি জানান।
উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষকের সঙ্গে সমাবেশে প্রায় একশ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নবগঠিত এ ফোরাম আন্দোলনকারীদের সামনে কয়েকটি প্রশ্ন রেখেছেন, যাতে তদন্তের আগেই দ-, বিচার বিভাগীয় তদন্তে আপত্তি, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার মতো বিষয় তুলে ধরা হয়েছে।
বুয়েটের ডেপুটি রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামাল আহাম্মদ সমাবেশে বলেন, “আন্দোলনকারীদের মধ্যে জামায়াতপন্থী শিক্ষকদের সম্পৃক্ততা দেখে আমাদের আশঙ্কা হচ্ছে, এর মাধ্যমে রাষ্ট্র, সরকার ও বুয়েট বিরোধী গভীর ষড়যন্ত্র হচ্ছে।”
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক অধ্যাপক আবদুল জব্বার খান, অধ্যাপক মিজানুর রহমান, শিক্ষার্থী আমিনুল হক পলাশ ও সাব্বির আহমেদ প্রমুখ।
এর আগে শনিবার সকালে প্রশাসনিক ভবন থেকে মৌন মিছিল বের করে শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে মিছিল করলেও এদিন মিছিলটি ক্যাম্পাস থেকে বেরিয়ে শহীদ মিনার এলাকাও ঘুরে আসে।
মৌন মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নিয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক-শিক্ষার্থীরা। শপথ পড়ান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
বন্ধের মধ্যে ক্যাম্পাসে অবস্থানরত কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থী শপথে আন্দোলন কর্মসূচি থেকে সরে না যাওয়ার অঙ্গীকার করেছেন।
টানা অসন্তোষের মধ্যে বুয়েটে শিক্ষকদের গণপদত্যাগের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বুয়েট সিন্ডিকেটের একটি প্রতিনিধি দল। এতে উপাচার্য ও উপ-উপাচার্যও ছিলেন।
পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে আসছেন উপাচার্য নজরুল ইসলাম। তিনি বলে আসছেন, ‘অনৈতিক’ কোনো দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করবেন না।
শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে কর্তৃপক্ষ মঙ্গলবার হঠাৎ করে রোজা ও ঈদের ছুটি এগিয়ে আনলে বুধবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যা¤পাস।
ওইদিন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। এ দাবিতে একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ জন শিক্ষক।
বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার মধ্যে বুয়েট সিন্ডিকেট উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করার সিদ্ধান্ত নিলেও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুয়েটের শিক্ষক সমিতি এর আগে গত ৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এরপর প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে সমিতি আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে।
তবে দাবি পূরণ না হওয়ায় গত ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা। এরপর তারা ১৪ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির কর্মসূচির হুমকি দিলে ১১ জুলাই থেকে ছুটি ঘোষণা করেন উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২০৫ ঘ.
bdnews24