২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নছিমন, করিমন বন্ধ করায় বাগেরহাটে বাস ভাঙচুর

নছিমন, করিমন চলাচল বন্ধ করে দেওয়ায় বাগেরহাটের রামপাল উপজেলায় যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

বাগেরহাট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নছিমন, করিমন চলাচল বন্ধ করে দেওয়ায় বাগেরহাটের রামপাল উপজেলায় যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে খুলনা-মংলা মহাসড়কে রামপালের গুনাই ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নছিমন, করিমনের চালকরা মংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের শ্রমিকদের সঙ্গে জোট বেঁধে এ ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছে বাস মালিক সমিতি। তবে পুলিশের দাবি, কর্মস্থলে যাওয়ার জন্য যানবাহন না পেয়ে মংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছে। ভাঙচুরের প্রতিবাদে বাস মালিক সমিতি মহাসড়কে চার ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখে। পরে পুলিশ এসে চারজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। রুপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেন, শনিবার সকাল সাতটার দিকে নছিমন, করিমন, ও মহেন্দ্র চালকরা সংঘবদ্ধ হয়ে ইপিজেডের শ্রমিকদের সঙ্গে মিলে খুলনা, মংলা ও বাগেরহাটগামী যাত্রীবাহী ছয়টি বাসে ভাঙচুর চালায়। এ সময় তাদের হামলায় আহত দুই বাস চালক ও ছয়জন সহকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান লিপন। রামপাল থানার ওসি এসএম আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই জুলাই থেকে মহাসড়কে নছিমন করিমন চলাচল বন্ধ করে দেয়ায় রামপাল উপজেলা এলাকার ইপিজেড শ্রমিকরা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন না। সকাল সাতটায় তাদের কর্মস্থলে যাওয়ার সময় এই সড়কে কোনো যানবাহন চলাচল করে না। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার সকালে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বাসে ভাঙচুর চালায়। এই ঘটনায় ইপিজেডের চার শ্রমিককে আটক করা হয়। পরে বাস মালিক সমিতির নেতারা ক্ষমা করে দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। গত ১ জুলাই বাগেরহাটের ১৪টি রুটে অবৈধ নছিমন, করিমন, মোটর সাইকেল ও মহেন্দ্র চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। পরদিন খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি সংগঠন দুটির নেতাদের সঙ্গে বৈঠকে ওই অবৈধ পরিবহনগুলোর চলাচল বন্ধ করে দেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১৫১ ঘ.