২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশির মৃত্যুর খবর

সাউথ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে বলে চাঁদপুরে তার স্বজনরা জানিয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরেক বাংলাদেশি ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চাঁদপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাউথ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছে বলে চাঁদপুরে তার স্বজনরা জানিয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরেক বাংলাদেশি ব্যবসায়ী। হতাহত দুজনেরই বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়–য়া গ্রামে। নিহত রবিউল আলম (৩০) মনু ভূঁইয়ার ছেলে। আহত মিজানুর রহমান শেখ (৩২) গফুর আলী শেখের ছেলে। নিহত রবিউলের ভাই জয়দুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই বন্ধু মিজান ও রবিউল যৌথভাবে কেপটাউনে একটি ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করতেন। মিজান বর্তমানে কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাউথ আফ্রিকার স্থানীয় সময় বুধবার দিবাগত রাত তিনটায় এ ঘটনা ঘটে বলে তিনি জানান। জয়দুল বলেন, বুধবার রাত ৩টার দিকে একদল সন্ত্রাসী রবিউল ও মিজানের দোকানে ঢুকেই গুলি করতে শুরু করে। এতে রবিউল মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর হাতে গুলিবিদ্ধ হয়ে মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে শিপন নামে তাদের পরিচিত এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকা থেকে ফোন করে সন্ত্রাসীদের গুলিতে রবিউলের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বলে তিনি জানান। জয়দুল আরো জানান, দেড় বছর আগে রবিউল এবং মিজান দ.আফ্রিকায় গিয়ে যৌথ মালিকানায় ব্যবসা শুরু করেন। তাদের গ্রামের মো. তসলিম নামে এক প্রতিবেশির মাধ্যমে তারা সেখানে যান। শুক্রবার সকালে দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা নিহত রবিউলের ছবি নিয়ে আহাজারি করতে থাকেন। রবিউলের বৃদ্ধ বাবা, মা, ভাইবোন ছাড়াও স্ত্রী ও দুবছরের শিশু সন্তান আছে। তিন ভাই ও ছয় বোনের মধ্যে রবিউল ছিলেন চতুর্থ। রবিউল ছয় বছর আগে উপজেলার চরবড়ালী গ্রামের মোহাম্মদ কন্ট্রাক্টরের মেয়ে রুবিনা আক্তারকে বিয়ে করেন। রবিউলের পরিবারের সদস্যরা তার লাশের অপেক্ষায় রয়েছে। উলেখ্য, এর আগে গত বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর পাঁচ ব্যবসায়ী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এসইউ/২১২৩ ঘ.