নারায়ণগঞ্জ, জুলাই ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ দলীয় সাংসদ গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভূমি মালিকরা।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে ‘গাজী অটো টায়ার্সের’ কারখানা স্থাপনের জন্য জেলা প্রশাসনের সহায়তায় প্রায় ৫ একর কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদ জানানো হয়।
বিক্ষুব্ধরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।
গত ৩ জুন জনকল্যাণমূলক কাজের জন্য খাদুন মৌজায় ‘গাজী অটো টায়ার্স’ এর জন্য ৫ একর ভূমি অধিগ্রহণের নোটিস দেয় জেলা প্রশাসন।
১ জুলাই ওই নোটিসের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী সংবাদ সম্মেলন করে। ওই দিনই পাল্টা সংবাদ সম্মেলন করে বিক্ষুব্ধদের অভিযোগ অস্বীকার করে ‘গাজী অটো টায়ার্স’ কর্তৃপক্ষ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় সাংসদ গাজী গোলাম দস্তগীর প্রভাব খাটিয়ে জেলা প্রশাসনের সহায়তায় খাদুন মৌজায় কৃষক ও বাসিন্দাদের প্রায় ৫ একর জমি অধিগ্রহণের নামে দখলের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে সেখানে বসতঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, খামার, কবরস্থান ও তার আশপাশে স্কুল কলেজ আছে।
জেলা প্রশাসন নোটিস দেওয়ার পরই ড্রেজিং করে ওইসব জমিতে বালু ভরাট করা হচ্ছে। পানি নিষ্কাশনের পথ ও রাস্তা বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এখানকার ৩৫টি পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।
স্মারকলিপি দেওয়ার সময় ক্ষতিগ্রস্তদের পক্ষে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, জুলহাস মিয়া, সামছুল হক, জাহাঙ্গীর আলম, নাসিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খুরশিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খাদুন মৌজায় সাংসদ গাজী গোলাম দস্তগীরের প্রতিষ্ঠানের জন্য ৫ একর জমি অধিগ্রহণের নোটিস পাঠানো হয়েছে।
ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে আপত্তি পাওয়া গেছে। এক মাসের মধ্যে আপত্তির শুনানি হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষুব্ধদের স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
‘গাজী অটো টায়ার্সের’ ব্যবস্থাপক (ভূমি) মহিউদ্দিন মিয়া গত ১ জুলাইয়ের সংবাদ সম্মেলনে জানান, ২০০১ সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানের জন্য তারা ৪০ বিঘা জমি ক্রয় করেছেন। তাদের আরো ২০ বিঘা জমি প্রয়োজন। ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দ কমিটির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ৫ একর জমি অধিগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
জমি জবর-দখলের অভিযোগ অস্বীকার করে ওই কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটি হলে সেখানে ১০ হাজার লোকের কর্মসংস্থান হবে। রাজনৈতিক কারণে সাংসদ গাজী গোলাম দস্তগীরের ভাবমূতি ক্ষুণœ করার জন্য একটি মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২০৭ ঘ.
bdnews24