২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিলেট, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা দুইটার দিকে সিলেটের মদনমোহন কলেজ ও নগরীর জল্লারপাড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ কর্মী রুমেল আহমদ (২২) ও সুমন আহমদকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহতদের মধ্যে কার্জন আহমদ ও আলীম আহমদ নামে আরো দুই কর্মী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সিলেট কোতোয়ালী থানাধীন লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই খসরুল আলম বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ দে এবং মদনমোহন কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। বেলা দুইটার দিকে অরুণ গ্রুপের নেতাকর্মীরা মদনমোহন কলেজ ক্যাম্পাসে পিযুষ গ্রুপের কর্মী কার্জন ও আলীমকে মারধর করে। এ ঘটনার জের ধরে প্রায় আধ ঘণ্টা পর পিযুষ গ্রুপের নেতাকর্মীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে এলে অরুণ গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ৭-৮ জন আহত হয়। এক পর্যায়ে পিযুষ গ্রুপের কর্মীরা পিছু হটলে অরুণ গ্রুপের কর্মীরা নগরীর জল্লারপাড়ে পিযুষের ব্যক্তিগত অফিস, দুটি দোকান ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে এই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/১৮৩২ ঘ.