কুড়িগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রা দেখতে গিয়ে বিনা দোষে প্রায় ১২ বছর ভারতের কারাগারে কাটাতে হল কুড়িগ্রামের আশিক ইকবাল মিল্টনকে।
শনিবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নিজ বাড়িতে ফেরেন মিল্টন। তিনি সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।
সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবে মিল্টন সাংবাদিকদের বলেন, ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন ২০০০ সালের ১১ ডিসেম্বর রাতে বন্ধুদের সঙ্গে তিনি ভারতের কুচবিহারের দিনহাটা থানার সাহেবগঞ্জ বাজারে যাত্রাপালা দেখতে যান।
ফেরার পথে আরো ৩০ জনের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ’র হাতে আটক হন মিল্টন। তবে, ক্যাম্প থেকে বিএসএফ অন্যদের ছেড়ে দিলেও মিল্টনকে আটকে রাখে।
এরপর অবৈধ অনুপবেশের অভিযোগে ৬১ দিন সাজা ভোগের পর ২০০১ সালে ২৭ ডিসেম্বর দেশে ফেরত পাঠানোর জন্য তাকে গাড়িতে তোলা হয়।
কিন্তু দেশে ফেরার আগেই তাকে আবার গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানা পুলিশ। এরপর ভারতের বিভিন্ন কারাগারে কেটে যায় তার ১২ বছর।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও ভারতের একটি মানবাধিকার সংস্থার উদ্যোগে শনিবার ভারতের কুচবিহার জেল থেকে তিনি ছাড়া পান।
দুপুরে লালমনিরহাটের বুড়িমারি চেকপোস্ট দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে মিল্টনকে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এরপর তিনি কুড়িগ্রাম প্রেস ক্লাবে আসেন।
মিল্টন আরো বলেন, নব্বইয়ের দশকে ভারতের উত্তরবঙ্গ জুড়ে কান্তাপুর লিবারেশন অর্গানাইজেশন নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাত। এই সংগঠনের শীর্ষ স্থানীয় এক নেতার নাম মিহির দাস ওরফে মিল্টন। তিনি ভারতীয় পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ ছিলেন।
ভারতীয় পুলিশ মিল্টনকে ওই বিচ্ছিন্নতাবাদী সংস্থার নেতা মিল্টন হিসেবে দেখিয়ে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এতদিন ওই বিচার চলে ভারতের আদালতে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী বলেন, দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে মিল্টনকে নিয়ে সংবাদ প্রচারিত হলে তদন্ত করে আমরা প্রকৃত ঘটনা জানতে পারি। শুধু নামের মিল থাকার কারণে বিনা দোষে মিল্টন ভারতে জেল খেটেছেন।
এরপর গত এক বছর ধরে মিল্টনকে মুক্ত করতে ভারতে আইনি লড়াই চালানো হয় বলে জানান তিনি।
গত ৩০ জুন ভারতের একটি আদালত মিল্টনকে মুক্তির নির্দেশ দেয় জানিয়ে তিনি বলেন, “ভারতের আইনজীবী, মানবাধিকার কর্মী ও সংবাদমাধ্যম কর্মীদের সহযোগিতায় আদালতে মিল্টনকে নির্দোষ প্রমাণ করতে আমরা সমর্থ হই।”
“ভারতীয় পুলিশের দায়িত্বহীনতার কারণে মিল্টনকে ১২ বছর জেল খাটতে হয়েছে। তাই ভারতীয় পুলিশের বিরুদ্ধে আমরা আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছি,” বলেন তিনি।
মিল্টনের মা মজিদা বেগম বলেন, “১২ বছর পর ছেলেকে বুকে পেয়েছি। শুধু ছেলের শোকে ওর বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24