বগুড়া, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের বিচার ও র্যাব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদনকে সমর্থন করে ড. শাহদীন মালিক বলেছেন, ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশকে ‘যৌক্তিক’ বলেও মনে করেন তিনি।
শনিবার বগুড়ায় এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরো বলেন, “এটা সরকারের একটা দুর্বলতা, বহির্বিশ্বে সরকারের গ্রহণযোগ্যতা হারানোর বহিঃপ্রকাশ। মানবাধিকার লংঘন করলে তা বলা যাবেনা- এটা ভাবা আরেকটা অন্যায়।”
বগুড়া জিলা পরিষদ মিলনায়তনে জাস্টিস এর উদ্যোগে নতুন কমিটির অভিষেক ও নির্যাতন বিরোধী আন্তর্জাতিক কনভেশন বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
এইচআরডব্লিউ’র প্রতিবেদন সম্পর্কে শুক্রবার গণমাধ্যমে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ‘প্রতিবাদলিপিতে’ বলা হয়, গত বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে যেসব অভিযোগ আনা হয়েছে তা ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কল্পণাপ্রসূত’।
“সরকার মনে করে, এ ধরনের অভিযোগ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। সরকার আশা করে যে, ‘হিউম্যান রাইটস ওয়াচ’ তাদের প্রতিবেদন ও বক্তব্য প্রত্যাহার করবে, যাতে জঘন্য ও মর্মান্তিক বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা যায়।”
বিডিআর বিদ্রোহে অভিযুক্তদের ‘গণ বিচার’ প্রক্রিয়ায় ‘গলদ’ রয়েছে দাবি করে তা এখনই স্থগিত করার আহ্বান জানানো হয় এইচআরডব্লিউর ওই প্রতিবেদনে। একইসঙ্গে ব্যাপক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ থাকা ‘এলিট বাহিনী’ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ভেঙে দিয়ে একটি নতুন ‘বেসামরিক’ বাহিনী গড়ে তোলারও সুপারিশ করা হয়।
২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের পরের ঘটনাপ্রবাহ নিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বিচারের জন্য আটক অন্তত ৪৭ জন বিডিআর সদস্য হাজতে থাকা অবস্থায় ‘নিহত’ হয়েছেন। তাদের ওপর নির্যাতন চালানোর প্রমাণ হিউম্যান রাইটস ওয়াচের হাতে রয়েছে।
বিচার বহির্ভূত হত্যাকা-ের অভিযোগে র্যাব ভেঙ্গে দেওয়ার যে সুপারিশ এইচআরডব্লিউ করেছে তাকে ‘যৌক্তিক’ আখ্যায়িত করে শাহদীন মালিক বলেন, “র্যাবের কর্মকা- বন্ধ করতে যত দেরি হবে আমাদের ক্ষতিও তত বেশি হবে। একটা সভ্য দেশে এ রকম পরিস্থিতি চলতে পারে না।”
এ প্রসঙ্গে এই আইনজ্ঞ আরো বলেন, দেশে আইন শৃঙ্খলা রক্ষায় বিচার বহির্ভূত দমন-পীড়নমূলক কর্মকা- প্রাথমিকভাবে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা পেলেও পরবর্তীতে এসব কার্যকলাপ রাষ্ট্রের জন্য বিপজ্জনক হয়ে দেখা দেয়। এভাবে দেশের সার্বিক ও অর্থনৈতিক উন্নয়ন হয় না।
“পৃথিবীর ইতিহাসে যে সব দেশে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সব ক্ষেত্রেই এক সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় এবং ওই ব্যবস্থা বাতিল করে পরিত্রাণ পেতে হয়েছিল। রাষ্ট্র যেভাবে নির্যাতন চালাচ্ছে তা সংবিধান বিরোধী।”
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ বলেন, ইতিমধ্যে জাস্টিস ৪০ জন পুলিশ কর্মকর্তাকে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে, যা তাদের পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে। জাস্টিস এর এ ধরনের কর্মকা- অব্যাহত রাখা উচিৎ।
জাস্টিস বগুড়ার সভাপতি আনোয়ারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী ও জাস্টিস এর সহ-সভাপতি সদরুল আনাম রঞ্জু।
মূল প্রবন্ধের বিষয়বস্তুর উপর আলোচনায় অংশ নেন এ্যাডভোকেট শেখ মোখলেছুর রহমান ও মোজাম্মেল হক, সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর, ডা. সিএম ইদ্রিস, সংগঠনের উপদেষ্টা মো. ইনামুল হক রঞ্জু এবং টিএমএসএস নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, বগুড়া বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান, ডা. মশিউর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন গোলাম মোস্তফা জিয়ন ও সুমন হেমব্রস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১৫২ ঘ.
bdnews24