২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের অবস্থার আরো উন্নতি

নিউ ইয়র্কের বেলভ্যু হাসাপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বাস্থ্যের আরো উন্নতি হয়েছে। তার অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে। এখন তিনি কথা বলতে পারছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 05:48 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের বেলভ্যু হাসাপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বাস্থ্যের আরো উন্নতি হয়েছে। তার অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে। এখন তিনি কথা বলতে পারছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “২ জুলাই স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় লেখকের ফুসফুস থেকে ৪০০ মিলিলিটার পানি বের করা হয়েছে। পানি বের করা সম্ভব না হলে তার নিউমোনিয়ায় আক্রান্তের আশঙ্কা ছিল।” ক্যান্সারের চিকিৎসার জন্য গত বছরের ১৪ সেপ্টেম্বর হুমায়ূন নিউ ইয়র্কে আসেন। স্ত্রী মেহের আফরোজ শাওনসহ সন্তানদের নিয়ে কুইন্সে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকছেন তিনি। অস্ত্রোপচারের আগে পরিবার-আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে মে মাসে দুই সপ্তাহ দেশ থেকে ঘুরে যান লেখক। ম্যানহাটানের বিশ্ববিখ্যাত স্নোয়ান মেমোরিয়্যাল ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে ১২টি কেমোথেরাপি দেওয়া হয় তাকে। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে এ কে এম মোমেন বলেন, “হুমায়ূন আহমেদের সর্বশেষ সিটি স্ক্যানের রিপোর্ট পাওয়া গেছে। সেখানেও লেখকের দেহে ক্যান্সারের আর কোনো চিহ্ন ধরা পড়েনি। এখন অস্ত্রোপচারের ক্ষত শুকাচ্ছে।” লেখকের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় লাগানো অক্সিজেন মাস্কটি ২ জুলাই সন্ধ্যায় খুলে ফেলা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গত ১২ জুন বৃহদন্ত্রে অস্ত্রোপচারের পর ১৯ জুন বাসায় ফেরেন হুমায়ূন। তবে বাসায় ফেরার একদিনের মাথায় পেটে ব্যাথার কারণে তাকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য তাকে স্থানান্তর করা হয় বেলভ্যু হাসপাতালে। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩৪৩ ঘ.