২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় গ্রামবাসীর সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় জমির বিরোধ নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 08:26 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

নেত্রকোনা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় জমির বিরোধ নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। শনিবার সকালে উপজেলার সীমান্তবর্তী পলাশগড়া গ্রামে এ সংঘর্ষে নিহতরা হলেন- বাবা বিল্লাল মিয়া (৫২) ও তার ছেলে আল-আমিন (২৫)। দূর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন বলেন, পলাশগড়া গ্রামের সেকান্দর মিয়া ও বিল্লাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। সকাল পৌনে ৯টার দিকে সেকান্দর মিয়া তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে পানি ছাড়তে যায়। এসময় বিল্লাল মিয়া তাদের বাধা দিলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। প্রায় আধা ঘন্টাব্যাপী এই সংঘর্ষ চলার সময় পাঁচ জন আহত হন। আহতদের মধ্যে বিল্লাল মিয়া ও আল-আমিনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান। হতাহতরা সবাই বিল্লাল মিয়ার পক্ষের লোকজন উল্লেখ করে ওসি আলমগীর হোসাইন ঘটনাস্থল থেকে মুঠোফোনে বলেন, “নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” আহতরা হলেন- একই গ্রামের আইনুল হক (৩০), হানিফ মিয়া (২৫) ও লাল মিয়া (২৫)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪২৩ ঘ.