২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে গুলিতে প্রাণ গেল স্কুল ছাত্রের

রাজধানীর শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড়ে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে পশ্চিম ধোলাইপাড়ে বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। বাসায় বিদ্যুৎ না থাকায় এ সময় বাবার সঙ্গে ঘরের বাইরে বেরিয়েছিল নিহত রাবিউর রহমান সানি (১১)। নিহতের বাবা ভ্যানচালক রাশেদুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেন, বিদ্যুৎ না থাকায় ছেলেকে নিয়ে তিনি বাসার সামনে বের হন। এ সময় হঠাৎ একটি গুলির শব্দ শুনতে পান। পরে তিনি দেখেন, তার পাশে থাকা ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। সানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাই ও এক বোনের মধ্যে বড় সানি মিরহাজীরবাগ আবু হাজী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, নিহতের গলায় গুলি লেগেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২৫৪ ঘ.