ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনাসহ তিন ঘটনায় এক নারীসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা, শাহজাহানপুর ও ভাটারায় এসব দুর্ঘটনা ঘটে।
সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) আহত হন। খোকন নামের এক যুবক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সকালে শাহজাহানপুর এলাকায় লাব্বাইক পরিবহনের যাত্রী নেছার আলী (২৪) বাসের জানালা দিয়ে মাথা বের করলে রাস্তার পাশে থাকা লোহার পাতের সঙ্গে আঘাত লেগে মারাত্মক আহত হন।
খালাতো ভাই মো. হোসেন দ্রুত নেছারকেম ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, নেছারের মৃত্যু হয়েছে।
নারায়গঞ্জের পঞ্চবটি এলাকার একটি কারখানার শ্রমিক নেছারের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।
এদিকে ভাটারা থানার বসুন্ধরার জি ব্লকে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মিল্লাত (২২) নামের এক শ্রমিক। শুক্রবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/জেকে/১৬১২ ঘ.
bdnews24