ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণাধীন ফ্লাইওভার বরাবর পাইপ লাইন স্থানান্তরের কারণে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত যাত্রাবাড়ী ও আশেপাশের এলাকায় নির্মাণাধীন মেয়র মো. হানিফ ফ্লাইওভার বরাবর গ্যাস পাইপ সরিয়ে অন্য স্থানে বসানোর কাজ চলবে।
ওই সময়ে যাত্রাবাড়ী, গোপীবাগ, টিকাটুলী, স্বামীবাগ, সায়দাবাদ ও বঙ্গভবনের আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে শাহজাহান জানান।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য কোম্পানির পক্ষ থেকে দুঃখও প্রকাশ করেন তিনি।
তিতাস ঢাকা মহানগরীসহ গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জসহ আরো কয়েকটি জেলায় গ্যাস সবরবাহ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২২৩৫ ঘ.
bdnews24