২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বন্যা: উজানে পানি কমলেও বাড়ছে অন্যত্র

সুরমা কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অন্য অঞ্চলে অবনতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 10:44 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরমা কুশিয়ারার উজানে পানি কমায় সিলেটের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অন্য অঞ্চলে অবনতি হয়েছে। সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম জানিয়েছেন, গত দুই দিন বৃষ্টি না হওয়ায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর, কানাইঘাট উপজেলায় বন্যার পানি কমেছে। তবে বিয়ানীবাজার ও জকিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। অপরিবর্তিত রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সিলেট শহরের ১৫টি এলাকায় মানুষের ভোগান্তিও অব্যাহত রয়েছে। নগরীর উপশহর, তেররতন, মেন্দিবাগ, সোবহানীঘাট, চালিবন্দর, ছড়ারপাড়, যতরপুর, মাছিমপুর, কুশিঘাট, ঘাসিটুলা, কলাপাড়া, নবাবরোড এলাকায় বাড়ির ভেতরও বানের পানি ঢুকে পড়েছে। বন্যা দুর্গতদের জন্য সিলেট সিটি কর্পোরেশনে খোলা সাতটি আশ্রয় কেন্দ্রে তিন হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১৫৫ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদ পয়েন্টে বিপদসীমার ২০৩ সেন্টিমিটার ও বিয়ানীবাজারে শেওলা পয়েন্টে ৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া সারি, পিয়াইন ও ধলাই নদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি। সিলেটের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রফিুকল ইসলাম বলেন, বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে তিন লাখেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৬ হাজার ৯১০টি পরিবার। ৭ হাজার ৭০ হেক্টর আউশ ফসলের মাঠ পানির নীচে তলিয়ে গেছে। বন্যার কারণে সিলেট-গোয়াইনঘাট, সিলেট-কানাইঘাট সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এবং কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি পানির নিচে তলিয়ে যাওয়ায় পাথর তোলাও বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে দুর্গত এলাকায় ৩১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নগদ বরাদ্ধ দেওয়া হয়েছে ১০ লাখ টাকা। বন্যাদুর্গত এলাকায় ৫৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো চিড়া ও বিস্কুট বিতরণ করা হয়েছে বলে রফিকুল জানান। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৬৪২ ঘ