২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভি বিতর্কিত বিষয় দেখায় না: মন্ত্রী

বাংলাদেশ টেলিভিশনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার বিষয়ে এক প্রশ্নের জবাবে সংসদে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণের মধ্যে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করে- এমন কোনো ‘বিতর্কিত’ বিষয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কোনো অনুষ্ঠান সম্প্রচার করে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সাংসদ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। শাম্মী আক্তার তথ্যমন্ত্রীর কাছে জানতে চান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে কি না। জবাবে আবুল কালাম আজাদ বলেন, “জনমনে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করে এমন কোনো বিতর্কিত বিষয়ে বিটিভি অনুষ্ঠান সম্প্রচার করে না।” সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যক্তিদের অবদান ও ভূমিকা বিবেচনা করেই বিটিভি ও বেতার অনুষ্ঠান সম্প্রচার করে বলে তিনি দাবি করেন। এ বি এম আশরাফ উদ্দিন নিজামের আরেক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, “বিটিভিতে পরিবেশিত সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিটিভির সংবাদ কোনো বাণিজ্যিক চমক সৃষ্টির জন্য পরিবেশিত হয় না। সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিটিভির সংবাদ স্বাভাবিক কারণেই বস্তুনিষ্ঠ। কারণ প্রতিটি অনুষ্ঠানের জন্য বিটিভিকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। ফলে জনগণের সার্বিক আকাক্সক্ষা বিটিভিতে যথাযথভাবে প্রতিফলিত করতে হয়।” সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের ফরিদুন্নাহার লাইলী বলেন, গণমাধ্যমে প্রচারিত অনেক টক শো’তে ‘আদালত ও সরকারকে অবমাননাকর’ কথাবার্তা বলা হয়, জনগণকে বিভ্রান্ত করা হয়। এ কারণে টক শো’র আলোচনার ওপর বিধি-নিষেধ আরোপ করা হবে কী না- জানতে চান তিনি। জবাবে আবুল কালাম আজাদ বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে। এ কারণে টেলিভিশনসহ সব গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।” স্বাধীনতার সঙ্গে দয়িত্বশীলতা ও নীতিবোধ গভীরভাবে সর্ম্পকিত মন্তব্য করে মন্ত্রী বলেন, “পূর্ণ বাক স্বাধীনতার সুযোগে কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের চরিত্র হনন করা কারো কাম্য নয়। আর আদালত সংক্রান্ত কোনো মন্তব্য করার বিষয়ে সাংবিধানিক সীমারেখা রয়েছে। তা প্রতিপালন করা সব সাংবাদিকদের জন্য অপরিহার্য।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৫৩২ ঘ.