২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সঙ্গে রেল ও বিমান যোগাযোগ বন্ধ

গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে প্রবল বর্ষণের মধ্যে বিকালে বিমান চলাচল এবং সন্ধ্যার পর ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। বন্দরে পণ্য খালাসও ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণের কারণে রানওয়ে তলিয়ে যাওয়ায় বিমান এবং সেতু আংশিক ভেঙে পড়ায় রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রাম। গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে প্রবল বর্ষণের মধ্যে বিকালে বিমান চলাচল এবং সন্ধ্যার পর ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। প্রবল বর্ষণে বন্দরনগরীর দুই-তৃতীয়াংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্দরে পণ্য খালাসও ব্যাহত হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও কুমিরার মধ্যবর্তী এলাকায় একটি রেলসেতুর একটি অংশ ভেঙে পড়েছে বলে জানিয়েছেন রেলওয়ের যুগ্মপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান। প্রবল বর্ষণের কারণে নেভি কলোনি গেইট সংলগ্ন ওই রেলসেতুর ওপর দিয়ে পানি বইছে। এর মধ্যে সেতুর একটি অংশ ভেঙে পড়ায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মিয়া জাহান। ফলে চট্টগ্রাম-ঢাকা এবং চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ের (পূর্বাঞ্চল) প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি টিম সেখানে পাঠানো হয়েছে।” কখন নাগাদ রেল যোগাযোগ পুনঃস্থাপন করা যাবে- জানতে চাইলে তিনি বলেন, “ওই টিম পৌঁছার পর অবস্থা জানালে কিছু বলা যাবে।” শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি জমে যাওয়ায় বিকাল সাড়ে ৪টা থেকে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিবর্ষণের কারণে বিমানবন্দরের রানওয়েতে পানি জমে গেছে। রানওয়ের বাতিগুলো অস্পষ্ট হয়ে গেছে।” অতিবর্ষণ ও বিরূপ আবহাওয়ার কারণে বন্দরের বহির্নোঙরে অবস্থান করা ১৩টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন। বন্দর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২০টি জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে ১৩টি খাদ্যশস্যবাহী জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। এ ছাড়া বন্দরে ভেড়ার অপেক্ষায় রয়েছে সাতটি কন্টেইনারবাহী জাহাজ। মূল জেটিতে আছে আটটি জাহাজ। গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নগরীর কয়েকটি এলাকায় গাড়ি চলচল বন্ধ রয়েছে। তবে অন্য জেলার সঙ্গে সড়ক যোগাযোগ রয়েছে। গত ছয় দিন ধরেই বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে ৪৬২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমসি/এএল/এমআই/২২৫০ ঘ.