২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণে পাহাড় ধস চট্টগ্রামে, নিহত ১

খুলশী এলাকায় পাহাড় ধসে চাপা পড়েছে অন্তত ২০টি ঘর, সেখানে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আমবাগান এলাকায় দেয়ালচাপায় মারা গেছে এক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে চট্টগ্রামের খুলশী এলাকায় পাহাড় ধসে চাপা পড়েছে অন্তত ২০টি ঘর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকবর শাহ এলাকার ইয়াসিন কলোনিতে এই পাহাড় ধসের তথ্য জানিয়েছেন অগ্নিনির্বাপন বাহিনী চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড় ধসে ২০ থেকে ২৫টি ঘর চাপা পড়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। রাত সাড়ে ৮টার দিকে জসীম উদ্দিনের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ঘটনাস্থল থেকে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে সেখানে এক নারীর লাশ উদ্ধার করতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক। ২০০৭ সালে জুন মাসে প্রবল বর্ষণে বন্দরনগরীর বিভিন্ন স্থানে পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যু হয়েছিল। গত কয়েকদিনের বর্ষণের পর মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টিতে আরো কয়েকটি স্থানে পাহাড় ধস হয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরতদের সরে যেতে কয়েকদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও হচ্ছিল। সকালে নগরীর সুগন্ধা একুশে হাসপাতাল সংলগ্ন একটি পাহাড় এবং দুপুরে লালখান বাজার বাগঘোনা পোড়া কলোনি এলাকায় অপর একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এতে দুই ব্যক্তি সামান্য আহত হন এবং একটি প্রাইভেট কার মাটিচাপা পড়ে। পরে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা গাড়িটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর দক্ষিণ আমবাগান এলাকায় দেয়াল ধসে আবুল হোসেন (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ সুমন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার মা ভবনের পাশে মো. ফারুকের বাড়ির দেয়ালচাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। এসময় সে সেখানে খেলা করছিল। চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কনেস্টবল সুমন। এছাড়া ও আর নিজাম রোড এলাকায় একটি আবাসিক ভবনের সীমানা দেওয়াল ভেঙ্গে পড়ে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এমআই/২১৫০ ঘ.