২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ওষুধ কোম্পানির কর্মকর্তার লাশ উদ্ধার

ওষুধ কোম্পানি ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিখোঁজ বিপণন কর্মকর্তা দেলোয়ার হোসেনের লাশ দিনাজপুর উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

দিনাজপুর/গাজীপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধ কোম্পানি ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিখোঁজ বিপণন কর্মকর্তা দেলোয়ার হোসেনের লাশ দিনাজপুর উদ্ধার করেছে পুলিশ। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে দেলোয়ারের লাশ দিনাজপুর শহরের কাছে রানীগঞ্জ বাজারের কাছে রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। দেলোয়ারের বাড়ি কুড়িগ্রামের রাজিপুর থানার শিবেরডঙ্গি গ্রামের পশ্চিম পাড়ায়। তিনি গাজীপুরের কোনাবাড়ির পারিজাত এলাকায় বসবাস করতেন। সোমবার বাসার পাশ থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। লাশের পকেটে থাকা একটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং লাশের পাশে বিষের একটি খালি বোতল পাওয়া গেছে বলে জানান তিনি। গাজীপুরে কর্মরত দেলোয়ার দিনাজপুরে কেন ও কবে আসেন তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, জয়দেবপুর থানার ডিউটি অফিসার আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত দেলোয়ারের স্ত্রী শাহনাজ বেগম গত ২৫ জুন গাজীপুর থানায় নিখোঁজ হওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে পারিজাত এলাকায় তাদের ভাড়া বাসার পাশের একটি ওষুধের দোকানে মোটরসাইকেল রেখে বাজারে কেনাকাটা করতে গিয়ে দেলোয়ার নিখোঁজ হন বলে উল্লেখ করা হয়েছে বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৮০৬ ঘ.