২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরের গোসাইরহাটে ১৪৪ ধারা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একই দিনে বিএনপির দুই পক্ষ কর্মসূচি ঘোষণা করায় দুটি সভাস্থলেই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

শরীয়তপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একই দিনে বিএনপির দুই পক্ষ কর্মসূচি ঘোষণা করায় দুটি সভাস্থলেই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গোসাইরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত আলী শনিবার দুপুরে স্থানীয় নুরুল আমিন হাওলাদার বালুর মাঠ ও এসকেএস প্রাঙ্গণ মাঠে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারির ঘোষণা দেন । শনিবার দুপুর ২টা থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত দুটি সভাস্থলেই ১৪৪ ধারা বলবৎ থাকবে। মো. শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির দুইপক্ষ একই দিন শহরে কর্মসূচি ঘোষণা করে গত দুই দিন ধরে প্যান্ডেল তৈরিসহ প্রচার প্রচারণা চালিয়ে আসছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাই আইন শৃঙ্খলা রক্ষার্থে দুটি সভাস্থলেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।” শরীয়তপুর জেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক টি আই এম মহিতুল গনি মিন্টু সমর্থিতরা কয়েক দিন আগে শহরের নুরুল আমিন হাওলাদার বালুর মাঠে পৌরসভা যুবদলের এক পরিচিতি সভা আহ্বান করেন । এরপর একই দিন একই সময়ে উপজেলা শহরের বেসরকারি সংস্থা এসকেএস প্রাঙ্গণ মাঠে দলের বর্ধিত সভা আহবান করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব সমর্থিতরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএইচ/১৫০৩ ঘ.