সিরাজগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে দোবিলা ও আমবাড়িয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
এ ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ফুটবল খেলা নিয়ে আমবাড়িয়া খেলার মাঠে দুদল গ্রামবাসীর মধ্যে বিরোধ হয়। এর জের ধরে শুক্রবার সকালে দুই গ্রামের মানুষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিকালে আবারো দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এই দু’দল গ্রামবাসী পরষ্পরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়।
রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে তাড়াশ থানার ওসি আতাউর রহমান, এসআই জামিল উদ্দিন, জালাল উদ্দিনসহ পাঁচ পুলিশ এবং আরো অন্তত ১৫ জন আহত হন।
পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
“পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ আমবাড়িয়া গ্রামের আব্দুল মোমিন (৩৬), মনিরুল ইসলাম (১৮) ও মোহাব্বত হোসেনকে (২১) আটক করেছে।
এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এএসপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩১১ ঘ.
bdnews24