নরসিংদী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে হামলার প্রতিবাদে একটি পক্ষ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
শুক্রবার সন্ধ্যায় প্রায় একঘণ্টা অবরোধের পর প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
শিবপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে সৈয়দনগর প্রাথমিক বিদ্যালয় বনাম শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা হয়। খেলায় ১-০ গোলে সৈয়দনগর প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।
তারা বিজয় মিছিল করে ফেরার পথে কেউ ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন ছাত্র আহত হয়।
খবরটি সৈয়দনগর পৌঁছলে সন্ধ্যা ৭টার দিকে এলাকার কয়েকশ’ লোক ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হালদার, শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, তিনি নিজে (ওসি) ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ৮টার দিকে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.
bdnews24