২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ইউপি সদস্যের বাড়ি থেকে ‘চোরাই’ গরু উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে ১১টি ‘চোরাই’ গরু উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

নেত্রকোনা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়ি থেকে ১১টি ‘চোরাই’ গরু উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বলাইশিমূল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের ইউপি সদস্য জমিলা আক্তারের বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে এসব গরু উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে। তবে ইউপি সদস্য দাবি করেছেন, তার ছেলে গরু ব্যবসায়ী। কেন্দুয়া থানার ওসি আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউপি সদস্য জমিলা আক্তারের ছেলে সুজন মিয়া দীর্ঘদিন ধরে চুরি করা গরু বিক্রির ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় পুলিশ জমিলা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ৩টি ষাঁড় ও ৮টি গাভী উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- নোয়াদিয়া গ্রামের গিয়াস উদ্দিন, বাবুল মিয়া ও চান মিয়া। ইউপি সদস্যের ছেলে সুজন বাড়ি না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এ ব্যাপারে গ্রামপুলিশ নলিগোপাল দেবনাথ বাদী হয়ে রাতেই গরু চুরির মামলা করেছেন। ইউপি সদস্য জমিলা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে সুজন ৬ মাস ধরে গরুর ব্যবসা করছে। এই গরুগুলো সিলেটের এক পাইকারের কাছ থেকে কিনে আনা হয়েছে। ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছদিন ধরে সুজন মিয়া গরুর ব্যবসা করে। তবে উদ্ধারকৃত গরুগুলো চোরাই কিনা তা তার জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০০ ঘ.