কুড়িগ্রাম, জুন ২১, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘কর্তব্যে অবহেলার’ অভিযোগে কুড়িগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত বরখাস্তের এ আদেশ বৃহস্পতিবার ফ্যাক্সযোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, “১৭ জুন কুড়িগ্রাম টাউন হলে ‘শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন’ শীর্ষক উদ্বুদ্ধকরণ কর্মশালা আয়োজনে চরমভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অফিসার আতাউর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”
গত ১৭ জুন কুড়িগ্রাম টাউন হলে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন। কর্মশালায় প্রয়োজনীয় সংখ্যক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য উপস্থিত না থাকায় মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়া অনুষ্ঠানে রাজারহাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নুর মো. আক্তারুজ্জামান জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে তাকে প্রত্যাহারের দাবি জানান। একই দিনে জেলার নাগেশ্বরী উপজেলায় এবং পরদিন উলিপুর ও রৌমারীতে আয়োজিত আরো দুটি কর্মশালায় একই ধরনের অব্যবস্থাপনা দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
এ ব্যাপারে বরখাস্ত হওয়া শিক্ষা অফিসার আতাউর রহমান নিজেকে নির্দোষ দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি জ্ঞাতসারে কোন অপরাধ করিনি।”
বিভাগীয় তদন্তের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২০৪৪ ঘ.
bdnews24