ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে অস্থিরতায় প্রভাবশালী একটি দেশ পেছন থেকে কলকাঠি নাড়ছে বলে দাবি করেছেন সরকারের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধের প্রেক্ষাপটে বুধবার তিনি এই দাবি করেন।
পোশাক শিল্পে সা¤প্রতিক এই অস্থিরতার জন্য পশ্চিমা বিশ্বের কয়েকটি সংগঠনকে দায়ী করে আসছে শিল্প মালিকরা। অন্যদিকে বিএনপি বলছে, এর পেছনে প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ মহানগর নাট্যমঞ্চে দলের এক সভায় একটি দেশের কথা বললেও এর নাম বলেননি।
তিনি বলেন, “গার্মেন্টে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। সাধারণ শ্রমিকরা এই আন্দোলনের সঙ্গে জড়িত নয়।
“একটা প্রভাবশালী দেশ বাংলাদেশে গার্মেন্ট শ্রমিকদের মধ্যে দালাল সৃষ্টি করেছে। তারা শ্রমিক না, শ্রমিক নেতাও না। তারাই একে উস্কানি দিচ্ছে, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য।”
একই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, “বাংলাদেশের গার্মেন্ট শিল্প ধ্বংসের জন্য প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্র করছে। আশুলিয়ার ঘটনা পরিকল্পিতভাবে ওই দেশটির এজেন্টরা ঘটিয়েছে।”
বেতন বাড়ানোর দাবিতে গত ১১ জুন থেকে আশুলিয়ার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এর অস্থিরতার মধ্যে টানা কয়েকদিন সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর হয়।
এরপর রোববার থেকে আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
আশুলিয়ায় সংঘাত-ভাংচুরের দিকে ইঙ্গিত করে আশরাফ বলেন, “এখন তো বেতন-ভাতার জন্য আন্দোলন হচ্ছে না।”
আশুলিয়ায় ভাংচুরের ঘটনায় পুলিশ বাদি হয়ে যে মামলা করেছে, তাতে প্রধান বিরোধী দল বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ দুদিন আগেই সংসদে বলেন, আশুলিয়ায় অস্থিরতায় বিএনপি জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৭৪৮ ঘ.
bdnews24