২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি বাস্তবায়ন কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত হবে সেপ্টেম্বরে

২০১১ সালে ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে তৈরি কর্মপরিকল্পনার খসড়া আগামী সেপ্টেম্বর মাসে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালে ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে তৈরি কর্মপরিকল্পনার খসড়া আগামী সেপ্টেম্বর মাসে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, সরকারের রূপকল্প-২০২১ এর মধ্যেই এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এজন্য আগামী সেপ্টেম্বর মাসে এ নীতি বাস্তবায়নের কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হবে। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক জাতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন রোববার একথা জানান। হোটেল রূপসী বাংলায় অনুষ্ঠিত ‘জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১’র বাস্তবায়নে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এতে সভাপতিত্ব করেন। শিরীন শারমিন বলেন, কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করার আগে একটি ‘কার্যকরি কমিটি (ওয়ার্কিং কমিটি) গঠন করা হবে। এ কমিটিতে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি থাকবে। এ কমিটিই কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে। তাদের কাজ তদারকি করা হবে। সভায় বক্তারা জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এরমধ্যে রয়েছে- নারীর ওপর লিঙ্গ-সংবেদনশীল বাজেটের প্রভাব, এর তদারকি প্রক্রিয়া, যৌন হয়রানি রোধে উচ্চ আদালতের রায় গণমাধ্যমসহ বিভিন্ন কর্মক্ষেত্রে প্রয়োগ এবং বাস্তবায়ন, হিন্দু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা, তৃণমূলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মনোভাব গড়ে তুলতে একটি কর্মপরিকল্পনা গ্রহণ এবং প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ। এছাড়াও মুক্তিযুদ্ধে নারীর অবদানের স্বীকৃতি হিসেবে একটি ভাষ্কর্য নির্মাণ, মুক্তিযুদ্ধে শহীদ এবং বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রণয়ন এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের সম্মান জানানোর বিষয়টিও কর্মপরিকল্পনায় অন্তর্ভূক্তির সুপারিশ করেন তারা। সভায় সংসদ সদস্য বেবী মওদুদ, মহিলা পরিষদ সভাপতি আয়েশা খানম, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, নারীগ্রন্থ প্রবর্তনার ফরিদা আখতার, নারীপক্ষের মাহিন সুলতানা, কর্মজীবী নারীর শিরীন আখতার ও রোকেয়া রফিক এবং স্টেপস স্টুয়ার্ড ডেভেলপমেন্ট’র নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বক্তব্য রাখেন। এছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩৩৩ ঘ.