২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কৃষি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট করতে চায় জাপান

কৃষি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম আসছেন জাপানি সবজি বিশেষজ্ঞ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 03:32 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে চট্টগ্রাম আসছেন জাপানি সবজি বিশেষজ্ঞ দল। রোববার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকমণ্ডলীর সঙ্গে জাপানি ‘সিটি নেটওয়ার্ক ইন কর্পোরেশন’ (সিসিকে) নামের কোম্পানির কর্মকর্তা হিসাউকি মুতোহের এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা সম্পর্কে চেম্বার সচিব ওসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। হিসাউকি মুতোহ বলেন, মরিচসহ বিভিন্ন সব্জি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জাপানি সবজি বিশেষজ্ঞ দল চট্টগ্রাম সফর করবে। মানসম্পন্ন বাংলাদেশি সবজি জাপানে রপ্তানিতে চট্টগ্রাম চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। হিসাউকি জানান, চীনের তুলনায় বাংলাদেশে শ্রমিকের সহজলভ্য হওয়ায় জাপানি উদ্যোক্তারা এদেশে কৃষিসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে। চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম জাপানের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সভায় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের পরিচালকরা ছাড়াও চিটাগাং ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড এলাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২১২৫ ঘ.