২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশের শেয়ারবাজার মেলা

পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগ বাড়াতে লন্ডনে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী শেয়ার বাজার মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:05 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

লন্ডন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগ বাড়াতে লন্ডনে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী শেয়ার বাজার মেলা। রোববার পূর্ব লন্ডনে এ মেলার উদ্বোধন করবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান খান। মেলায় যোগ দিতে এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট রকিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলসহ লন্ডনে পৌঁছেছেন। আয়োজক কারি লাইফ ইভেন্টস জানায়, বাংলাদেশের ১০টি স্টকব্রোকার কোম্পানি এই মেলায় অংশ নেবে। এসব কোম্পানীর বিনিয়োগ বিশেষজ্ঞরা প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে পরামর্শ ছাড়াও বিও একাউন্ট খোলার ব্যাপারে সহায়তা দেবেন। এর আগে গত বছরের মার্চেও শেয়ার বাজার মেলার আয়োজন করা হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দল লন্ডনে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্টকব্রোকিং কোম্পানি, ইনভেস্টমেন্ট ব্যাংকার্সদের সঙ্গেও বৈঠক করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। কারি লাইফ ইভেন্টসের কর্ণধার সৈয়দ বেলাল আহমদ বলেন, “দ্বিতীয়বারের মতো এ ধরনের মেলা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরও এই মেলায় প্রবাসীদের বিপুল সাড়া পেয়েছি। আশা করছি এবারও পাব।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫৩ ঘ.