নূরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের সাংবাদিক জামাল উদ্দিন খুন হওয়ার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঢাকার সাংবাদিক নেতাদের পক্ষ থেকে দেওয়া হয়নি কোনো প্রতিবাদ কর্মসূচি, আসেনি বিবৃতি।
শুক্রবার রাত ১১টার দিকে শার্শার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার পর একটি চোখ তুলে নেয় তার, যিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি ছিলেন।
এর বাইরে সীমান্তবর্তী কাশীপুর গ্রামের এই বাসিন্দা ছিলেন শার্শা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক। সাংবাদিক জামাল উদ্দিন মাদক ব্যবসায়ীদের হুমকির পরিপ্রেক্ষিতে একটি জিডিও করেছিলেন। তবে তার শেষ রক্ষা হয়নি।
এই সাংবাদিক খুনের বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ ফেডরেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমাদের যশোর শাখা হত্যাকা-ের বিচার দাবি করেছে। স্থানীয় প্রশাসন যদি তাদের দাবির ব্যাপারে কর্ণপাত না করে আমরা ঢাকায় আন্দোলন শুরু করবে।”
একই সংগঠনের অপর অংশের সভাপতি রুহুল আমি গাজী বলেন, রোববার পত্রিকায় খবর প্রকাশের পর তারা আন্দোলন শুরু করবেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি এই হত্যাকা-ের জন্য শোক প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগের আগে পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি জাতীয় প্রেস ক্লাবও। যোগাযোগ করা হলে সভাপতি সৈয়দ আবদাল আহমদ বলেন, এই সরকারের আমলে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
তবে এ ঘটনায় তারা কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন কিনা তা জানাতে পারেননি তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন জানান, “আমরা এর তীব্র নিন্দা জানাই। সাংবাদিকদের মধ্যে ভীতি ছড়ানো হচ্ছে। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। সাংবাদিকদের অন্যান্য সংগঠন কর্মসূচি দিলে আমরা একাত্মতা প্রকাশ করব।”
এরই মধ্যে জামাল হত্যার প্রতিবাদে অনলাইন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে।
প্রতিবাদে বেনাপোল ও শার্শার সাংবাদিকরা শনিবার সকালে নাভারন বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
শার্শা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান এক বিবৃতিতে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন ও সাধারণ সম্পাদক জামাল হোসেন শার্শা প্রেসক্লাবের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/২৩৪৮ ঘ.
bdnews24