চাঁদপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে বাংলাদেশ অপারগতা প্রকাশ করায় কূটনৈতিক সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলেই মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যারা রোহিঙ্গাদের জন্য সীমান্ত খোলার অনুরোধ করেছেন, সেটি আমরা জাতীয় স্বার্থে রাখতে পারছি না। আমাদের যা বক্তব্য তা যুক্তিসঙ্গত ও অইনসঙ্গত।”
রোহিঙ্গাদের যে সাহায্য-সহায়তা প্রয়োজন, তা মিয়ানমারের ভেতর থেকেই করা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার দাঙ্গা শুরু হয়। এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে। গত তিন দিনে ১৩৯ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন বিজিবি সদস্যরা।
এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ শরণার্থী সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর অব্যাহত আহ্বানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে দীপু মনি বলেন, শরণার্থীদের আশ্রয় দেওয়া সংক্রান্ত আন্তর্জাতিক কোনো সনদে বাংলাদেশ স্বাক্ষর করেনি। তাই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই।
দুই দশক আগে মিয়ানমারের সামরিক সরকারের দমন-পীড়নের মুখে বাংলাদেশে অন্তত সাড়ে ৪ লাখ রোহিঙ্গা ঢোকে। এই শরণার্থীদের চাপ বাংলাদেশকে সামলাতে হচ্ছে।
এ প্রসঙ্গ টেনে শুক্রবার সকালে দীপু মনি বলেন, “দীর্ঘদিন যেসব রোহিঙ্গা আমাদের দেশে অবস্থান করছে, তাদের জন্য যথাসাধ্য করা হচ্ছে। যারা নথিভুক্ত শরণার্থী, কিংবা যারা অবৈধভাবে প্রবেশ করেছেন- তাদের সবার ক্ষেত্রে আমরা সবসময় মানবতার দিকটি বড় করে দেখে সহায়তার চেষ্টা করেছি।”
“কিন্তু সমস্যাটি দীর্ঘদিন ধরে আছে, এটিকে আর বড় হতে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, জাতীয় স্বার্থও আমাদের অবশ্যই দেখতে হবে”, যোগ করেন তিনি।
মন্ত্রী জানান, যারা নৌকায় করে আসছে তাদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আবার ফেরত পাঠানো হচ্ছে। তাদের কোনো ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে না।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি সার্কিট হাউসে চাঁদপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারকে ঢেউটিন ও আর্থিক সহায়তা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৫১৪ ঘ.
bdnews24