২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের আগ্নেয়াস্ত্র হারানোর ঘটনায় বরখাস্ত ২

রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের সামনে থেকে পুলিশের একটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের সামনে থেকে পুলিশের একটি আগ্নেয়াস্ত্র হারিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বনানী থানা পুলিশের দুই সদস্য উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এবং কনষ্টেবল জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানায়, তৌফিক হাসান (২২) নামে এক যুবকের কাছ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি পুলিশের। বনানী থানার ওসি মামুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ইকবাল সেন্টারের সামনে দেলোয়ার হোসেন এবং জুলফিকার দায়িত্ব পালন করছিলেন। জুলফিকারের কাছে ছিলো সরকারি চায়নিজ রাইফেল। এই দুই পুলিশ সদস্যের অন্যমনস্কতার সুযোগে রাইফেলটি খোঁয়া যায়। এদিকে ইকবাল সেন্টার থেকে প্রায় একশত গজ দূরে বনানী বাজারের কাছে একটি চায়নিজ রাইফেলসহ এক যুবককে দেখে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের সন্দেহ হয়। ওসি জানান, আগ্নেয়াস্ত্রের ব্যাপারে সার্জেন্টের প্রশ্নের কোন উত্তর দিতে না পারায় ওই যুবককে বনানী থানায় নেওয়া হয়। এরই মধ্যে অস্ত্র খোঁয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে হৈচৈ পড়ে যায়। পরে নিশ্চিত হওয়া যায় যে যুবকের কাছে পাওয়া রাইফেলটি পুলিশের খোঁয়া যাওয়া আগ্নেয়াস্ত্র। বিষয়টি স্পর্শকাতর বলেই এ ঘটনার পরপরই দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, যে যুবকটির কাছে অস্ত্রটি পাওয়া গেছে সে মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওসি মামুন আরো জানান, অবস্থাপন্ন পরিবারের সন্তান তৌফিক ইংরেজি মাধ্যমে পড়াশুনা করেছে। তার মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসা চলছে- এমন চিকিৎসাপত্র তার পরিবারের পক্ষ থেকে পুলিশকে দেওয়া হয়েছে। তবে এসব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফৈার ডটকম/এলএইচ/এইচএ/১৯৪২ ঘ.