চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১৮ রাউন্ড গুলিসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
হালিশহর থানার বেড়িবাঁধ এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এগুলো উদ্ধার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধার অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে, একটি রিভলভার, দুইটি ওয়ান শুটার, দুইটি এলজি, একটি পিস্তল, পাঁচ রাউন্ড রাইফেলের গুলি, তিন রাউন্ড পিস্তলের গুলি এবং ১০ রাউন্ড ১২ বোর কার্তুজ।
র্যাব কর্মকর্তা (এএসপি) এস এম নূরুল স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে বেড়িবাঁধ এলাকায় অস্ত্র বিক্রির জন্য অস্ত্র ব্যবসায়ীরা জড়ো হলে র্যাব অভিযান চালায়। এ সময় তারা সেখানে ওই সব অস্ত্র ও গুলি ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে র্যাব জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এএইচ/১৯২৭ ঘ.
bdnews24