২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের মামলায় ঢাবি শিক্ষকের জামিন নাকচ

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জাফর আহম্মেদ খানের জামিন আবেদন নাকচ করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2012, 07:54 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক জাফর আহম্মেদ খানের জামিন আবেদন নাকচ করেছে আদালত। বৃহস্পতিবার মহানগর হাকিম ইসমাইল হোসেন এই শিক্ষকের উপস্থিতিতে তার জামিন আবেদনের শুনানি করে তা নাকচ করে দেন। মামলা দায়েরের পর গত সোমবার জাফর আহম্মেদ খান হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার বেঞ্চ তা খারিজ করে দেয়। এরপর শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান। যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে জাফরের স্ত্রী রেবেকা পারভীন গত মে ৩০ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক ওইদিন মামলা গ্রহণ করে জাফরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। জাফরের বিরুদ্ধে দায়ের মামলার আরজিতে তার স্ত্রী রেবেকা বলেন, ১৯৯১ সালের ১৮ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। তাদের মেয়ে পুষ্পিতা আহম্মেদ রোজের বয়স বর্তমানে ১৮ বছর। আর ছেলে অর্মত আহম্মেদ অমির বয়স ১৪ বছর। আরজিতে বলা হয়, কানাডায় পিএইচডি করার জন্য রেবেকার পরিবারের কাছ থেকে ৪ লাখ টাকা নেন জাফর। কানাডা থেকে ৬ বছর পর দেশে ফিরে ২০০৮ সালে ঢাকার মোহাম্মদপুরে জমি কেনার জন্য আরো ২১ লাখ টাকা, সাভারে জমি কেনার জন্য ৫ লাখ টাকা যৌতুক হিসাবে নেন তিনি। পরে স্ত্রীকে চাপ দিয়ে ২০ ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে সেই অর্থও জাফর নেন বলে অভিযোগ করা হয় মামলায়। চলতি বছরের ১৬ মার্চ গাড়ি কেনার জন্য আরো ১৫ লাখ টাকা নেন জাফর। কিন্তু টাকা নিয়েও গাড়ি না কেনার কারণ জানতে চাইলে তিনি রেবেকাকে মারধর করেন বলে আরজিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৩৫০ ঘ.