ফেনী, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর পরশুরাম উপজেলায় অব্যাহত লোডশেডিয়েংর প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরাসহ এলাকাবাসীরা।
পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে রোববার সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী তারা বিক্ষোভ করে এবং ফেনী-পরশুরাম সড়ক অবরোধ করে রাখে।
উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিক্ষোভের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সমঝোতা বৈঠকে কর্তৃপক্ষ প্রতিদিন ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধ তুলে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা জানায়, পরশুরামে সারাদিনে গড়ে এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. ছায়দুল ইসলাম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আরিফ আহাম্মদ খান, উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৭০০ ঘ.
bdnews24