২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতি বাস্তবায়নে এবারের বাজেটেও বরাদ্দ নেই

জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে ২০১২-১৩ অর্থবছরের বাজেট কোনো বিশেষ বরাদ্দ রাখা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 03:46 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে ২০১২-১৩ অর্থবছরের বাজেট কোনো বিশেষ বরাদ্দ রাখা হয়নি। যদিও শিক্ষাবিদসহ সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে আসছিলেন। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলেছেন, “দিন বদলের ইশতেহার, রূপকল্প-২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আমরা ধাপে ধাপে এ শিক্ষানীতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।” শিক্ষানীতি বাস্তবায়নের সুনির্র্দিষ্ট কোনো নির্দেশনা অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ছিলনা। শিক্ষানীতি বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ না থাকায় শিক্ষাবিদরা হতাশা প্রকাশ করেছেন। সংশোধনী বাজেটে শিক্ষানীতি বাস্তবায়নে বিশেষ বরাদ্দ থাকবে বলে তারা আশা করছেন। এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নয় হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় পাঁচ হাজার ৪৪৩ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে চার হাজার ৩৮২ কোটি টাকা। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১২-১৩ অর্থবছরে ১১ হাজার ৫৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় নয় হাজার ২৯ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫৫৪ কোটি টাকা। গত বছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আট হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সংশোধনী বাজেটে এ বরাদ্দ দাঁড়ায় সাত হাজার ৭২৭ কোটি টাকা। আর গত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দ পায় ১০ হাজার ৮৫০ কোটি টাকা, সংশোধনী বাজেটে এ বরাদ্দ দাঁড়ায় ১০ হাজার ৬৩৩ কোটি টাকা। এবার বাজেটে শিক্ষানীতি বাস্তবায়নে বিশেষ বরাদ্দ না থাকায় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক শেখ ইকরামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দাবি ছিল শিক্ষানীতি বাস্তবায়নে বাজেটে আলাদা বরাদ্দ দেওয়ার। কিন্তু বরাদ্দ রাখা হয়নি।” “সংশোধনী বাজেটে শিক্ষানীতি বাস্তবায়নে বিশেষ বরাদ্দ রাখা হবে বলে আমি মনে করি”, যোগ করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) এই মহাপরিচালক। শিক্ষানীতি বাস্তবায়নে বাজেটে বিশেষ বরাদ্দ না থাকয় গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীও হতাশা প্রকাশ করেছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি হতাশ। গত বাজেটেও বরাদ্দ দেওয়া হয়নি, এই বাজেটেও শিক্ষানীতি বাস্তবায়নে কোনো বরাদ্দ নেই।” “গত বাজেটের আগেই সংসদে শিক্ষানীতি গ্রহণ করা হলেও ২০১১-১২ অর্থবছরে বাজেটে শিক্ষানীতি বাস্তবায়নে কোনো বরাদ্দ রাখা হয়নি। ওই সময়ই আমরা হতাশ হয়েছিলাম। এবারের বাজেটেও এ সংক্রান্ত কোনো নির্দেশনা নেই,” যোগ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। ২০১০ সালের ৮ ডিসেম্বর সংসদে জাতীয় শিক্ষানীতি-২০১০ গ্রহণ করা হয়। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ কাজী ফারুক আহমদ বলেন, “প্রস্তাবিত বাজেটে শিক্ষানীতি বাস্তবায়নের বিশেষ বরাদ্দ রাখা হয়েছে কিনা এখনো বিষয়টি নিশ্চিত নই। তবে সংশোধনী বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে বলে আমি বিশ্বাস করি।” বৈষম্য দূরীকরণে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি দেওয়া অব্যাহত রয়েছে বলে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে উল্লেখ করেছেন। মুহিত বলেন, বর্তমানে মাধ্যমিক স্তরে নারী ও পুরুষ শিক্ষার্থীর অনুপাত ৫৩:৪৭। মাধ্যমিক ও øাতক পর্যন্ত ৪৩ লাখ ৩৮ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। নিরক্ষরতা দূরীকরণে উপানুষ্ঠানিক শিক্ষা নীতির খসড়া প্রণয়ন করা হয়েছে বলেও বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আমরা প্রাথমিকে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:৫০ থেকে কমিয়ে ১:৪৭ এ নামিয়ে এনেছি এবং আগামীতে ১:৪০ এ নামিয়ে আনতে চাই। নারী শিক্ষিকার হার ৬০ শতাংশে উন্নীত করা এ সরকারের লক্ষ্য বলেও জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এইচএ/২১৩৮ ঘ.