২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত ব্যবসায়ী ফিরেছেন

অপহরণের দুই দিনের মাথায় ফিরে এসেছেন কাকরাইল এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী ও তার গাড়ি চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 02:54 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের দুই দিনের মাথায় ফিরে এসেছেন কাকরাইল এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী ও তার গাড়ি চালক। জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার মোহাম্মদুপুর থানায় অভিযোগ দায়েরের দুই ঘণ্টার মধ্যে কাকরাইল এলাকা থেকে অপহৃত হন ব্যবসায়ী মাহমুদুন্নবী (৭৩) ও তার ব্যক্তিগত গাড়ির চালক শহিদ মিয়া। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তারা খিলজী রোডের বাসায় ফিরেছেন বলে জানান মাহমুদুন্নবীর ব্যবসা প্রতিষ্ঠান ক্যাপরিকনের কর্মচারী এমরান হোসেন জুয়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুর আড়াইটার দিকে চালককে নিয়ে স্যার বাসায় ফিরে আসেন। তাদের অসুস্থ দেখাচ্ছে। তবে তারা তাদের গাড়ি নিয়ে আসেননি।” মাহমুদুন্নবীর সঙ্গে কথা বলতে চাইলে জুয়েল জানান, “স্যার এখন অসুস্থ মাথায় পানি দেওয়া হচ্ছে, এ মুহূর্তে তার সঙ্গে কথা বলা যাবে না।” মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনেছি তিনি ফিরে এসেছেন। পুলিশ তার বক্তব্য নেওয়ার জন্য তার বাসায় যাচ্ছে। এরপরই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। কাকরাইল এলাকা থেকে ওই ব্যবসায়ী অপহরণের পর রমনা থানায় একটি মামলা দায়ের করেন ক্যাপরিকনের এক কর্মচারী। ওই মামলায় অভিযোগ আনা হয়, মাহমুদুন্নবীর ব্যবসায়িক পার্টনার শাহজাহানের ভাতিজা মাসুম এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত। অবিবাহিত শাহজাহান ২০০৮ সালে মারা যান। চাচার ব্যবসার অংশীদারের ভাগ নেওয়ার জন্য মাসুম এই কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৬২১ ঘ.