২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচনে সবাই থাকবে, আশা আশরাফের

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তিনি মনে করেন, সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে এবং সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 10:52 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তিনি মনে করেন, সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে এবং সব দলের অংশগ্রহণেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধি দলের সময় বেঁধে দেওয়া প্রসঙ্গেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। রোববার এলজিইডি মিলনায়তনে উপজেলা গভার্নমেন্স প্রকল্পের উদ্বোধন করে সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তাই আমি মন্তব্য করতে পারি না।” “তবে আমারা বিশ্বাস করি সংলাপ হলে একটি গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণেই আগামী সংসদ নির্বাচন হবে,” যোগ করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ। সরকার গত বছর সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিরোধী দল তা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে। ১০ জুনের মধ্যে এ দাবি পূরণ না হলে সরকার পতনের আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সম্প্রতি বাংলাদেশ সফরে এসে দুই দলকে সংলাপে বসার আহ্বান জানান। এরপর সংলাপের বিষয়টি নতুন কওে আলোচনায় আসে। অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে ওই দাবি নাকচ করে বলেছেন, নির্বাচিত সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। সৈয়দ আশরাফও কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর কোনো সুযোগ নেই। তবে অন্তবর্তীকালীন সরকার নিয়ে বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলেম তারা সংসদে এসে আলোচনা করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এনআইএইচ/আরআরডি/জেকে/১৬৪০ ঘ.