২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোষিত মজুরির দাবিতে বেনাপোল বন্দরে ধর্মঘট

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে ধর্মঘট করছে বেনাপোল স্থলবন্দরের ‘হ্যান্ডলিং’ শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

বেনাপোল, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে ধর্মঘট করছে বেনাপোল স্থলবন্দরের ‘হ্যান্ডলিং’ শ্রমিকরা। রোববার সকাল থেকে লাগাতার কর্মবিরতি পালনের ডাক দেয় বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিকদের দুটি ইউনিয়ন। দাবি আদায়ে শনিবার থেকে বন্দর প্রশাসনিক ভবন ঘেরাও, মিছিল, সভা ও সমাবেশ শুরু করে তারা। ধর্মঘটের কারণে বন্দরে মালামাল ওঠানামার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ন্যূনতম মুজুরি নির্ধারণ করে ২০১০ সালের ২ সেপ্টেম্বর সরকারের প্রকাশিত গেজেটে স্থলবন্দর ব্যবহারকারীদের কাছ থেকে আদায় করা লেবার হ্যান্ডলিং চার্জের অর্থ শ্রমিক ও সরকারের মধ্যে ৬৫ঃ৩৫ অনুপাতে বণ্টন করার কথা রয়েছে। এই গেজেট ঘোষণা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের আওতাভুক্ত হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একাংশের (৮৯১) সভাপতি গোলাম মেস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের গেজেট বাস্তবায়নের ব্যাপারে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান তাদের আশ্বস্ত করলেও বন্দর কর্তৃপক্ষ তা করেনি। তবে বেনাপোল স্থলবন্দরের পরিচালক আবুল কালাম আযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে দাবিতে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিয়েছে তা সম্পূর্ণ বেআইনি।” “বন্দরের সঙ্গে চুক্তি ঠিকাদারদের। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ঠিকাদারদের প্রাপ্য অর্থ আমরা তাদের দিয়ে থাকি।” ঠিকাদাররা শ্রমিকদের ন্যায্য মজুরি দেবেন উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা ঠিকাদারদের সঙ্গে সমঝোতা না করে বন্দরের বিরুদ্ধে অভিযোগ এনে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন। শ্রমিকদের এসব দাবিনামা শ্রম মন্ত্রণালয়ের অধীনে পড়ে কিন্তু বন্দর শ্রম মন্ত্রণালয়ের অধীনে নয় বলে জানান আবুল কালাম আযাদ। শ্রমিকদের অপর ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক রাশেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে নৌ পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরিপেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়েছিল। এবার দাবি আাদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৬২১ ঘ.