শেরপুর, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক নেতাকর্মীর মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার শেরপুরে আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি।
বাস ভাংচুর ও পোড়ানোর মামলায় জেলা বিএনপির নয় নেতাকর্মী কারাগারে আটক আছেন।
জেলা বিএনপির সভাপতি একেএম ছাইফুল ইসলাম কালাম বৃহস্পতিবার বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
১৭ মে’র সকাল-সন্ধ্যা হরতালকে সামনে রেখে আগের রাতে বাস ভাংচুর ও পোড়ানোর অভিযোগে ওই নয় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ একটি মামলা দায়ের করে।
২৪ মে এই নয় নেতাকর্মী হাই কোর্ট থেকে সাত দিনের অন্তর্বর্তীকালীন জামিন পান।
হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবার (৩১ মে) শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
এদিকে,এই নয় নেতাকর্মীর জামিন আবেদন নাকচের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে শহরের রঘুনাথবাজার, গৃদানারায়ণপুর, মুন্সিবাজার ও তিনআনী বাজারে দলের নেতাকর্মীরা দোকানপাট ও যানবাহনে ভাংচুর চালায়। এই অভিযোগে পুলিশ ওই রাতে দলটির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24