মাগুরা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় বিএনপি অফিস ভাঙচুর, বোমাবাজি ও হামলার ঘটনায় দলের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে দু’টি মামলা হয়েছে।
সদর থানায় শনিবার মামলা দুটি করেন জেলা যুবদলের বর্তমান কমিটির সদস্য মাহবুবুল আলম টিপু এবং গত কমিটির সদস্য ফরিদ হোসেন খান।
টিপুর মামলায় জেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুলসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
ফরিদ হোসেন খানের মামলায় দলের জেলা সাধারণ সম্পাদক আলি আহম্মদ, যুবদলের আহ্বায়ক ওয়াশিকুর রহমান কল্লোল, সদর উপজেলা সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাসসহ ২১ জনকে আসামি করা হয়।
মামলা দু’টির তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও সুভাষ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, বোমাবাজি ও নেতাকর্মীদের কুপিয়ে আহত করার ঘটনায় টিপুর মামলায় পুলিশ তিনজনকে আটক করেছে।
এছাড়া শুক্রবার রাতে বোমাবাজির ঘটনায় ফরিদ হোসেন খানের মামলার এজাহারভুক্ত আসামি রানাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৯ মে) কেন্দ্রীয় যুবদল জেলা কমিটির অনুমোদন দেয়। এর জেরে শুক্রবার বিক্ষুব্ধ সমর্থকরা শহরের মিন্টু রোডে বিএনপি অফিসে ভাঙচুর করে ও বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ আল মামুনসহ তিন নেতার উপর হামলা চালায় তারা। এরপর রাতে শহরে ব্যাপক বোমাবাজি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০২০ ঘ.
bdnews24